Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

হুবেই প্রদেশে আঘাত হানা তীব্র দমকা হাওয়ায় অন্তত আটজন নিহত হয়েছেন

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম

চীনের মধ্যাঞ্চলের হুবেই প্রদেশে আঘাত হানা শক্তিশালী বজ্রঝড় ও তীব্র দমকা হাওয়ায় অন্তত আটজন নিহত হয়েছেন। একই সময়ে দেশটির বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং উত্তর-পূর্ব ও দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় টর্নেডোর আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি প্রশান্ত মহাসাগর থেকে ধেয়ে আসা সুপার টাইফুন ‘বাভি’-কে ঘিরেও সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ জুলাই) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, সোমবার সন্ধ্যায় প্রায় চার ঘণ্টাব্যাপী হুবেই প্রদেশের হুয়াংশি, হুয়াংগ্যাং, ইঝৌ ও শিয়াননিং শহরের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৪৯ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এতে বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত আটজনের প্রাণহানি ঘটে। স্থানীয় জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতিমধ্যে উপদ্রুত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

এদিকে, শক্তিশালী সুপার টাইফুন ‘বাভি’ বর্তমানে প্রশান্ত মহাসাগর অতিক্রম করে তাইওয়ানের দিকে ধেয়ে আসছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সোমবার গুয়াম, টিনিয়ান, সাইপান ও রোটা দ্বীপের ওপর দিয়ে অতিক্রম করার সময় টাইফুনটির কেন্দ্রের বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৮০ মাইল (২৮৯ কিলোমিটার)। এর প্রভাবে দ্বীপগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে চীনে চরম ভাবাপন্ন আবহাওয়ার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বন্যা, ঝড় ও অতিবৃষ্টির কারণে প্রতিবছর দেশটির অর্থনীতিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। সাম্প্রতিক সময়ের এই বন্যা ও ঝড়ও সেই বৈশ্বিক জলবায়ু পরিবর্তনেরই ধারাবাহিকতা বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

   

About

Popular Links

x