মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান অঙ্গরাজ্যের লিঙ্গি এলাকায় সহকর্মীদের মধ্যে সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন বাংলাদেশি প্রবাসী। হত্যাকাণ্ডের অভিযোগে তাদেরই এক সহকর্মীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।
মঙ্গলবার (৪ আগষ্ট) মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নেগেরি সেম্বিলানের পুলিশপ্রধান দাতুক আলজাফনি আহমদ জানান, সোমবার বিকেল সোয়া চারটার দিকে লিঙ্গির তামান লিঙ্গি এলাকার একটি বাড়িতে কয়েকজন বাংলাদেশির মধ্যে মারামারির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে লিঙ্গি থানা পুলিশের একটি দল প্রথমে এক বাংলাদেশিকে আটক করে। এরপর তদন্তের এক পর্যায়ে লিঙ্গির সুয়া ম্যাঙ্গিস এস্টেট এলাকা থেকে তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্যমতে, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের কারণে তাদের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত আরেক বাংলাদেশিকে রেমবাউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনায় জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন এবং একই বাসায় থাকতেন। ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। পুরো ঘটনার ধারাবাহিকতা ও প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া বাংলাদেশি ব্যক্তির বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি। তাকে রিমান্ডের আবেদন জানিয়ে পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।
মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা হিসেবে ঘটনাটি তদন্ত করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট উদ্দেশ্য বা কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।