Monday, September 28, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আর নেই

দেশটির জাতীয় বার্তা সংস্থাকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে মোখজানি মাহাথির

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদর স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দেশটির জাতীয় বার্তা সংস্থা বারনামাকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে মোখজানি মাহাথির।

১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গোরের ক্লাংয়ে জন্ম নেওয়া সিতি হাসমাহ ছিলেন প্রাক-স্বাধীন মালয়েশিয়ার অন্যতম প্রথম মালয় নারী চিকিৎসক।

১৯৫৫ সালে সিঙ্গাপুরের কিংস এডওয়ার্ড সেভেনথ কলেজ অব মেডিসিন থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি নেওয়ার পর তিনি মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগ দেন। কেদাহসহ দেশের বিভিন্ন এলাকায় মেডিকেল অফিসার হিসেবে কর্মজীবনের বড় অংশে তিনি জনস্বাস্থ্য এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করেন।

১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। এই দম্পতির সাত সন্তানের মধ্যে রয়েছেন সামাজিক কর্মী ও লেখক মেরিনা মাহাথির এবং কেদাহ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী দাতুক সেরি মুখরিজ মাহাথির।

ড. মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার চতুর্থ এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী হিসেবে সিতি হাসমাহ স্বাস্থ্য, নারী কল্যাণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ছিলেন। পারিবারিক কল্যাণ, নারীর উন্নয়ন ও মাদক প্রতিরোধ আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।

মাহাথির রাজনীতি থেকে অবসর নেওয়ার পরও স্বামীর পাশাপাশি একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হিসেবে ছিলেন সিতি হাসমাহ।

২০২৬ সালের আগস্টে এই দম্পতিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিবাহিত দম্পতি এবং ইতিহাসে রেকর্ডভুক্ত সবচেয়ে প্রবীণ বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

   

About

Popular Links

x