ভারতে ধর্ষণের দায়ে সাংবাদিকের ১০ বছরের কারাদণ্ড

ভারতে সহকর্মীকে ধর্ষণের দায়ে সাংবাদিক ও তেহেলকা ম্যাগাজিন সম্পাদক তরুণ তেজপালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ১২ বছর আগের ঘটনায় করা বহুল আলোচিত এই মামলা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) মুম্বাই হাইকোর্টের গোয়া বেঞ্চ ২০২১ সালে গোয়ার একটি নিম্ন আদালতের দেওয়া খালাসের রায় বাতিল করে ৬২ বছর বয়সী তেজপালকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত করে তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রায় ঘোষণার পর তরুণ তেজপাল নিজেকে নির্দোষ দাবি করে বলেন, তিনি সুপ্রিম কোর্টে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। একইসঙ্গে তিনি দাবি করেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার।

গোয়ার অ্যাটর্নি জেনারেল দেবিদাস পাঙ্গাম সাংবাদিকদের জানান, আদালত তেজপালকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

২০১৩ সালের নভেম্বরে গোয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনের সময় সহকর্মী এক নারী সাংবাদিককে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগ ওঠে সে সময়েরে আলোচিত ‘তেহেলকা’ ম্যাগাজিন সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে।

আইনে যৌন সহিংসতার মামলার অভিযোগকারীর পরিচয় প্রকাশে নিষেধাজ্ঞা থাকায় ওই নারী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

প্রসঙ্গত, তরুণ তেজপাল ‘তেহেলকা’ ম্যাগাজিনের অন্যতম প্রতিষ্ঠাতা। প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে ম্যাগাজিনটি একসময় ব্যাপক পরিচিতি লাভ করেছিল।