লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি স্থান থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থা। এ ঘটনায় এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত দেশটির সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইস্ট ত্রিপোলি মাইগ্র্যান্ট ডিটেনশন সেন্টারের তদন্ত ও গ্রেপ্তার ইউনিট জানতে পারে, একটি অপরাধী চক্র লিবিয়ায় নতুন পৌঁছানো অভিবাসীদের অপহরণ করে তাদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করছে। বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রাথমিক তদন্ত শুরু করেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ করে অপহৃতদের অবস্থান ও সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্ত করেন।
পরে পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। অপহৃতদের আটকে রাখার স্থান তেকে ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়।
অবৈধ অভিবাসনবিরোধী সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য প্রমাণের মুখোমুখি করা হলে অভিযুক্ত ব্যক্তি স্বীকারোক্তি দেন। তার জবানবন্দি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হাজির করা হয়। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শেষে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার নির্দেশ দেওয়া হয়।