ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে কারিগরি ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ আটকে পড়েছে। এর ফলে একই উড়োজাহাজে পরিচালিত ঢাকা-রোম-টরন্টো রুটের BG 305 ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন এসেছে। নতুন সময়সূচি অনুযায়ী, ফ্লাইটটি শনিবার (৮ আগস্ট) দুপুর ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশে ছেড়ে যাবে।
শুক্রবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে BG 305 ফ্লাইটের যাত্রীদের সকাল ৯টার মধ্যে বিমানবন্দরে রিপোর্ট করার অনুরোধ জানানো হয়েছে।
বিমান কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, টরন্টো-রোম-ঢাকা রুটের BG 306 ফ্লাইট পরিচালনার সময় রোমের ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে অপ্রত্যাশিত একটি কারিগরি ত্রুটি ধরা পড়ে। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে উড়োজাহাজটির প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি সারানোর কাজ চলছে। ত্রুটি সম্পূর্ণভাবে সমাধান এবং নিরাপত্তা পরীক্ষা শেষ হওয়ার পরই উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে। একই উড়োজাহাজ দিয়ে পরিচালিত হওয়ায় BG 305 ফ্লাইটের সময়সূচিতেও এর প্রভাব পড়েছে।
এদিকে রোমে আটকে পড়া BG 306 ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেল আবাসন ও খাবারসহ যাবতীয় প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। BG 306 ফ্লাইটের নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রয়োজনীয় তথ্য ও সহায়তার জন্য যাত্রীদের বিমান হটলাইন ১৩৬৩৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এই অনাকাঙ্ক্ষিত বিলম্বে যাত্রীদের ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং যাত্রীদের ধৈর্য ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।