Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

উড়োজাহাজের আসনে ছারপোকা, যাত্রীদের ভোগান্তিতে কান্তাসের ফ্লাইট বাতিল

উড়োজাহাজটি জীবাণুমুক্ত ও পরিষ্কার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পিএম

উড়োজাহাজের আসনে ছারপোকার উপদ্রব দেখা দেওয়ায় অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইন্সের রোম থেকে পার্থগামী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। উড়োজাহাজটি জীবাণুমুক্ত ও পরিষ্কার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সিডনি মর্নিং হেরাল্ডের তথ্য অনুযায়ী, শুক্রবার পার্থ থেকে রোমগামী প্রায় ১৭ ঘণ্টার ফ্লাইটে বেশ কয়েকজন যাত্রী ছারপোকার কামড়ের অভিযোগ করেন। তাদের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দেওয়া হয়। একপর্যায়ে ফ্লাইটে সেই ওষুধের মজুদ ফুরিয়ে যায়।

কান্তাসের এক মুখপাত্র জানান, ঘটনার পর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজটি জীবাণুমুক্ত ও পরিষ্কার করতে সেটির উড্ডয়ন বাতিল করা হয়। তিনি বলেন, “রোম থেকে পার্থগামী শনিবারের ফ্লাইটটি বাতিল করার জন্য আমরা যাত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ইকোনমি ক্লাসের কয়েকটি আসনে সমস্যা চিহ্নিত হওয়ার পর আমাদের প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণ দলকে বিমানটি সম্পূর্ণ পরিষ্কার করার সুযোগ দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এয়ারলাইনটি জানায়, ক্ষতিগ্রস্ত সব যাত্রীকে আবাসন সুবিধা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টার মধ্যে তাদের বিকল্প ফ্লাইটে বুকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) ওয়েবসাইট অনুযায়ী, ছারপোকা এক ধরনের পরজীবী, যা পোশাক, আসবাব ও বিছানায় বাস করে। এদের কামড়ে চুলকানি বা অস্বস্তি হলেও সাধারণত গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় না।

দুই সপ্তাহেরও কম সময় আগে ইংল্যান্ডে “সাউথইস্টার্ন” রেলের কয়েকটি ট্রেন সার্ভিস ছারপোকার কারণে বাতিল হয়েছিল। ওই ট্রেনগুলোর চালকেরা ড্রাইভিং কেবিনে ছারপোকার উপদ্রবের অভিযোগ জানিয়েছিলেন।

২০১৭ সালে ভ্যাঙ্কুভার থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে ছারপোকার কামড়ে এক পরিবারের কয়েকজনের শরীরে ক্ষত ও ফোলা দেখা দেয়। পরে তাদের কাছে ক্ষমা চায় ব্রিটিশ এয়ারওয়েজ।

   

About

Popular Links

x