Sunday, October 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক; বাতিল বহু ফ্লাইট

বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম

সৌদি আরবের রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন।

সংবাদ সংস্থা রয়টার্স প্রত্যক্ষদর্শী ও ঘটনার বিষয়ে অবগত দুই ব্যক্তির বরাতে জানিয়েছে, বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী জানান, বিমানবন্দরের ভেতরে বিস্ফোরণ ঘটে এবং এর আঘাতে একাধিক ব্যক্তি মাটিতে পড়ে ছিলেন। বিস্ফোরণের পর এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়।

এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সৌদি আরবের তথ্য মন্ত্রণালয় ও দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সৌদি আরবে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে উত্তেজনার মধ্যেই এ ঘটনার খবর এল। এক সপ্তাহের মধ্যে খালিদ বিমানবন্দর দুইবার হামলার শিকার হয়েছে। এতে চারজন নিহত ও আরও অনেকে আহত হয়েছেন। একটি উড়োজাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হুতিরা বৃহস্পতিবার এবং এর আগেও একবার রিয়াদের এ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল। তারা এয়ারলাইনসগুলোকে সৌদি আরবের আকাশপথ এড়িয়ে চলতে বলেছে এবং এ আকাশপথকে “সামরিক অঞ্চল” ঘোষণা করেছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় বাতিল করা হয়েছে, নয়তো অন্য বিমানবন্দরে পাঠানো হয়েছে। একপর্যায়ে শুধু একটি হেলিকপ্টারকে বিমানবন্দরের ওপর চক্কর দিতে দেখা যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের সরাসরি নিজ নিজ এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করতে এবং রওনা হওয়ার আগে ফ্লাইটের অবস্থা জেনে নিতে অনুরোধ করেছে।

কুয়েত বিমানবন্দর জানিয়েছে, সৌদি রাজধানীমুখী ও সেখান থেকে ছেড়ে আসা সব ফ্লাইট তারা বাতিল করেছে। কারণ হিসেবে তারা রিয়াদ বিমানবন্দর “নিরাপত্তা পরিস্থিতির” কারণে বন্ধ থাকার কথা উল্লেখ করেছে। এর আগে ইত্তিহাদ এয়ারওয়েজ ও কাতার এয়ারওয়েজ নিজ নিজ বিমানবন্দর থেকে রিয়াদগামী সব ফ্লাইট বাতিল করে। বাতিল সূচির মধ্যে সোমবারের কিছু ফ্লাইটও আছে।

   

About

Popular Links

x