ভারতের মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় ভারী বৃষ্টির জেরে ভয়াবহ পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে এবং আরও চার জন আহত হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) ভোর ৩টা ৪৮ মিনিটে ঘাটকোপারের চিরাগ নগরের অশোক নগর এলাকার গউশিয়া চালে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইনডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, টানা বৃষ্টির কারণে পাহাড়ের ঢাল থেকে মাটি ও ধ্বংসাবশেষ নিচে থাকা দুই থেকে তিনটি বাড়ির ওপর ধসে পড়ে। দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে ঘাটকোপারের রাজাওয়াড়ি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ছয় জনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন - আবান আরিফ শেখ (২), মানাত আরিফ শেখ (৪), মোহাম্মদ সমীর আনসারী (১৪), সাহিল হুসেন আব্দুল কাজী (১৯), মারজিনা আরিফ শেখ (২৭) এবং প্রায় ৪৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।
অন্যদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দুর্ঘটনায় আহত চারজন আশঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন।
ঘটনার পরপরই ফায়ার ব্রিগেড, পুলিশ, জাতীয় দুর্যোগ সাড়াদান বাহিনী (এনডিআরএফ) এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। তবে ঘটনাস্থলে যাওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। গলিটি এতটাই সরু যে একবারে মাত্র একজন মানুষ যাতায়াত করতে পারেন, ফলে ধসে পড়া ধ্বংসাবশেষ সরাতে কোনো ভারী যন্ত্রপাতি ভেতরে নেওয়া সম্ভব হচ্ছে না।
এদিকে ঘটনার খবর পেয়ে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওদে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করে সহায়তার আশ্বাস দেন। তিনি উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন।