যুক্তরাষ্ট্রের ‘দুর্ধর্ষ’ সামরিক হেলিকপ্টার অ্যাপাচি বিধ্বস্ত, ২ সেনা নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনাসদস্য নিহত হয়েছেন।

 বুধবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্র স্থানীয় সময় দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কিলিন শহরে অবস্থিত মার্কিন সেনাবাহিনীর একটি বিশাল ও প্রধান সামরিক ঘাঁটি “ফোর্ট হুড” এর বরাতে এএফপি জানিয়েছে, অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারটি টেক্সাসের সালাডো এলাকায় বিধ্বস্ত হয়। এতে থাকা দুই সেনাসদস্যই নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর ফোর্ট হুডের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন এবং স্থানীয় জরুরি সেবা সংস্থার কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

যদিও হেলিকপ্টারটি কী ধরনের কার্যক্রমে নিয়োজিত ছিল, সে বিষয়ে দেশটির সামরিক কর্তৃপক্ষ কিছু জানায়নি। এমনকি নিহত দুই সেনাসদস্যের পরিচয়ও তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। তাদের স্বজনদের বিষয়টি জানানোর পর পরিচয় প্রকাশ করা হবে বলে জানিয়েছে ফোর্ট হুড কর্তৃপক্ষ।

এএইচ-৬৪ অ্যাপাচি বিশ্বের অন্যতম ভয়ংকর আক্রমণাত্মক হেলিকপ্টার হিসেবে পরিচিত। ছোট নৌযানের হামলা প্রতিরোধ এবং ড্রোন ভূপাতিত করার উদ্দেশ্যে নিয়মিতভাবে হরমুজ প্রণালির মতো কৌশলগত জলপথে টহল দেয় এসব সামরিক যানগুলো।

গত জুনে হরমুজ প্রণালির কাছে প্রথমবারের মতো একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটে। এছাড়া তারও মাসদুয়েক আগে ক্যালিফোর্নিয়ায় একটি মার্কিন বিমানবাহিনীর B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় বিমানে থাকা আটজনই নিহত হন।