সাড়ে ৬ হাজার ফুট উঁচুতে ৭ বছরের সন্তানকে ফেলে গেলেন বাবা, অতঃপর যা হলো

জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজির সাড়ে ছয় হাজার ফুটেরও বেশি উচ্চতায় কুয়াশা ও ঝিরঝিরে বৃষ্টির মধ্যে ৭ বছর বয়সী এক শিশুকে একা বসিয়ে রেখে চূড়ায় চলে যাওয়ার ঘটনা ঘটেছে। সন্তানকে রেখে অন্য ছেলেকে নিয়ে বাবার এই পর্বতারোহণের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পুলিশ ওই বাবাকে ডেকে চরম তিরস্কার করেছে।

জাপানভিত্তিক গণমাধ্যমের সূত্রে জানা যায়, ৪৮ বছর বয়সী এক ব্যক্তি তার দুই ছেলেকে নিয়ে ফুজিনোমিয়া রুট দিয়ে ফুজিতে হাইকিং শুরু করেন। পথিমধ্যে ছোট ছেলে পরিশ্রান্ত হয়ে পড়লে বাবা তাকে একটি বোতলজাত পানীয় ও কিছু স্ন্যাকস হাতে দিয়ে ষষ্ঠ স্টেশনের একটি বেঞ্চে 'অপেক্ষা করতে' বলেন। এরপর তিনি তার বড় ছেলেকে নিয়ে চূড়ার উদ্দেশ্যে অগ্রসর হতে থাকেন।

পরবর্তীতে গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পর্বতের আশ্রয়ন কেন্দ্রের কর্মচারীরা ষষ্ঠ স্টেশনের কাছে কুয়াশাচ্ছন্ন পরিবেশে শিশুটিকে একাকী ও ক্লান্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ঘটনার সময় ওই ব্যক্তি শিশুটিকে রেখে প্রায় ৩ ঘণ্টার পথ উঁচুতে (সপ্তম ও অষ্টম স্টেশনের মাঝামাঝি) অবস্থান করছিলেন। টানা ৮ ঘণ্টা নিঃসঙ্গ অপেক্ষার পর বাবা উপর থেকে ফিরে এলে শিশুটি উদ্ধার পায়।

এমন বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য স্থানীয় পুলিশ কর্মকর্তা ওই ব্যক্তিকে কড়া তিরস্কার করে জানান, সন্তান পরিশ্রান্ত হলে পর্বত অভিযানই বাতিল করা উচিত ছিল, কিন্তু এভাবে একা ফেলে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযুক্ত বাবা তার ভুল স্বীকার করে পুলিশের কাছে ক্ষমা চেয়েছেন।

১২ হাজার ৩৮৯ ফুট উচ্চতার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত মাউন্ট ফুজিতে প্রতিবছর প্রায় দুই লাখ পর্যটক উঠলেও সাম্প্রতিক সময়ে অসচেতনতার কারণে দুর্ঘটনা ও জরুরি উদ্ধারের ঘটনা মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।