২০২৭ সাল হবে ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর 

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালে বিশ্বের গড় তাপমাত্রা ইতিহাসের নতুন রেকর্ড গড়তে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস। 

সংস্থাটি এর পেছনে কারণ হিসেবে, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের পাশাপাশি প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া শক্তিশালী এল নিনোর প্রভাবের কথা বলছে। 

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি মেট অফিসের পূর্বাভাস অনুযায়ী এক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, চলমান এল নিনো এ বছরের শেষ দিকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এটি সাম্প্রতিক কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো হতে পারে। এর প্রভাব বৈশ্বিক তাপমাত্রা বাড়িয়ে ২০২৭ সালকে রেকর্ডের সবচেয়ে উষ্ণ বছর করে তুলতে পারে। 

প্রতিবেদনে মেট অফিসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস বিভাগের প্রধান অধ্যাপক অ্যাডাম স্কাইফ বলেন, ‘‘এমন শক্তিশালী এল নিনোর সংকেত তিনি আগে কখনো দেখেননি। তার ভাষায়, এটি একটি ‘নজিরবিহীন’ পরিস্থিতি।’’ 

১৯৫০ সাল থেকে সংরক্ষিত আবহাওয়ার রেকর্ডে এত শক্তিশালী এল নিনো দেখা যায়নি বলে জানিয়েছে মেট অফিস। এমনকি এটি উনিশ শতকের পর সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর একটি হতে পারে বলেও ধারণা সংস্থাটির। 

যুক্তরাষ্ট্রের জলবায়ুবিজ্ঞানী জেক হাউসফাদার বলেন, ‘‘এল নিনো এখনো বিকশিত হচ্ছে। সামনে আরও কয়েক মাস সময় রয়েছে। এ কারণে এটি রেকর্ড গড়তে পারে-এমন আশঙ্কা আরও জোরালো হয়েছে।’’ 

তবে এল নিনো যে জলবায়ু পরিবর্তনের কারণে আরও ঘন ঘন বা আরও শক্তিশালী হচ্ছে, এমন প্রমাণ নেই বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)।