পশ্চিবঙ্গের কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে একটি খাবারের দোকানে আগুন লাগে। এই ফুডকোর্টের সামনেই স্টেশনের দক্ষিণ দিকে যাওয়ার প্রবেশ পথ। সপ্তাহের প্রথম দিনে প্রচুর যাত্রী স্টেশন চত্বরে ছিলেন। এ সময় ট্রেনযাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। সংবাদমাধ্যম আনন্দবাজার এ খবর জানিয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে স্টেশনের বাইরে ফুডকোর্টের ওই দোকানে আগুন লাগে। এ সময় পুরো এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
কলকাতার ফায়ার সার্ভিস, পুলিশ এবং রেল পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
ঘটনাস্থলে পৌঁছেই ফায়ার সার্ভিসের কর্মীরা গার্ডরেল দিয়ে জায়গাটি ঘিরে ফেলেন। এদিক দিয়েই শিয়ালদহ দক্ষিণ এবং প্রধান শাখার দিকে যেতে হয় যাত্রী এবং ট্যাক্সিচালকদের। ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনের মতো জনবহুল জায়গায় আগুন ছড়িয়ে পড়লে বড় বিপদের আশঙ্কা ছিল। তবে দমকল সূত্রে খবর,
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হয়। কারণ স্টেশন থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি। বিকল্প জায়গা থেকে পানির ব্যবস্থা করতে হয়। কী কারণে ওই খাবারের দোকানে আগুন লাগলো, তা খতিয়ে দেখা হচ্ছে।
ফুডকোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা কাজ করেনি। খাবারের দোকানগুলো কাচ দিয়ে ঢাকা থাকায় ভিতরের ধোঁয়া বাইরে বের করা যাচ্ছিল না। কাচ ভেঙে ধোঁয়া বের করা হয়। আগুনের উৎসের কাছে পৌঁছাতে বিশেষ পোশাক পরিয়ে ফুডকোর্টের ভেতরে পাঠানো হয় বেশ কয়েকজন ফায়ার সার্ভিস কর্মীকে।