নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার পর মার্কিন আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েছিল পিঠে মৃত ছোট বোনকে নিয়ে দাঁড়িয়ে থাকা এক বালকের হৃদয়বিদারক দৃশ্য। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নেটিজেনদের মনে আবারও ভাসিয়ে তুলেছে সেই স্মৃতি।
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, শরীরজুড়ে কাদা মাখা এক বালক নিজের দুধের শিশু বোনকে পিঠে শক্ত করে বেঁধে ক্লান্তি কাটিয়ে ছোট ছোট পায়ে এগিয়ে চলেছে। শিশুটি অঝোরে কাঁদছে, আর বালকটি ব্যাকুল চোখে এদিক-সেদিক তাকাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, সম্প্রতি ঘটে যাওয়া নেপাল বিপর্যয়ে বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দুই ভাই-বোন। তাই বোনকে পিঠে চাপিয়ে বাবা-মায়ের খোঁজে নেমেছে ওই ছোট্ট বালক। দাবানলের মতো ছড়িয়ে পড়া এই ভিডিও দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বিশ্বের হাজার হাজার নেটিজেন। অনেকেই বালকটিকে ‘বীর’ বা ‘নায়ক’ হিসেবে আখ্যা দেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি বিখ্যাত অ্যানিমেটেড চলচ্চিত্র ‘গ্রেভ অব দ্য ফায়ারফ্লাইজ’-এর চরিত্রের সঙ্গে তাদের তুলনা করেন।
তবে আন্তর্জাতিক তথ্যানুসন্ধান (ফ্যাক্ট চেক) ও দ্য স্টেটসম্যান-এর প্রতিবেদনে উঠে এসেছে এর ভিন্ন সত্য। অনুসন্ধানে দেখা গেছে, হৃদয়বিদারক এই ভিডিওটি নেপালের নয়, বরং এটি ধারণ করা হয়েছিল উত্তর ভিয়েতনামের হা জিয়াং প্রদেশে। হা জিয়াং এলাকার থিয়েন ডুয়েন নামের এক স্থানীয় কনটেন্ট ক্রিয়েটর প্রথম এই দৃশ্যটি ভিডিও করেন। তবে ওই দুই শিশু সত্যিই তাদের বাবা-মায়ের থেকে বিচ্ছিন্ন হয়েছিল নাকি অন্য কোনো পরিস্থিতিতে সেখানে ছিল, তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি।