এবার হরমুজ প্রণালির নাম নিজের নামে করার ইঙ্গিত ট্রাম্পের

হরমুজ প্রণালির নাম পরিবর্তন করে ‘ট্রাম্প প্রণালি’ রাখার আগ্রহ দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তিত নামের একটি মানচিত্রের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে।  

বুধবার (২ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “এখন যেহেতু এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, তাহলে কি হরমুজ প্রণালির নাম বদলে ট্রাম্প প্রণালি রাখা উচিত?”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সমালোচকদের মতে, ট্রাম্প বারবারই দেখানোর চেষ্টা করছেন, ইরান যুদ্ধ তার নিয়ন্ত্রণে আছে। এমন প্রচারণার অংশ হিসেবেই তিনি হরমুজ প্রণালির নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। কার্যত ইরানের বিরুদ্ধে এ যুদ্ধ কৌশলগত ভুল সিদ্ধান্তে পরিণত হয়েছে। যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্র ক্রমেই দীর্ঘস্থায়ী সংকটে পড়ছে।

এর আগে, গত মঙ্গলবার ইরানে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর সিরিকে একটি বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় দুই শিশুসহ অন্তত চারজন নিহত হন। আহত হন ৬০ জনের বেশি।

এ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাল্টাপাল্টি হামলার প্রভাবে বিশ্ববাজারে তেলের দামও প্রায় ৪% বৃদ্ধি পেয়েছে।

মার্কিন কর্মকর্তাদের দাবি, হরমুজ প্রণালি এখন খোলা। এ জলপথ দিয়ে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল পরিবহন হচ্ছে। এমন দাবির পরও তেলের দাম কমেনি। অন্যদিকে ইরান বলছে, প্রণালিটি এখনো বন্ধ এবং সেটি তাদের নিয়ন্ত্রণে।

গত বুধবার সৌদি আরব অভিযোগ করেছে, হরমুজ প্রণালিতে তাদের একটি  তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরান। এতে দুই নাবিক নিহত হয়েছেন। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর সঙ্গে যুক্ত পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস প্রায় প্রতিদিনই হরমুজ প্রণালিতে জাহাজে হামলার খবর জানাচ্ছে।

প্রসঙ্গত, গত মাসে ট্রাম্প হরমুজ প্রণালিকে ‘যুক্তরাষ্ট্রের এলাকা’ বলে দাবি করেছিলেন। আবার গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য বিরোধের মধ্যে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্তে থাকা লেক অন্টারিওর নামও ‘লেক আমেরিকা’ করার ঘোষণা দেন তিনি। এই তালিকায় এবার যুক্ত হলো ‘ট্রাম্প প্রণালি’।