ফ্রান্সে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, ট্রেনটি নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যে চলাচল করছিল।

স্থানীয় কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ব্যাপক হতাহত হয়। পরিস্থিতি সামাল দিতে জরুরি উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

রুয়াঁর প্রসিকিউটর সেবাস্তিয়েন গালোয়া বলেন, “এই দুর্ঘটনায় ৪৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে এক নারীকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।”

ফ্রান্সের রেল নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী সংস্থা এসএনসিএফ রেজো জানিয়েছে, দুর্ঘটনার পর ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। জরুরি উদ্ধারকারী দল যাতে নিরাপদে কাজ করতে পারে, সেজন্য রেললাইনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

এসএনসিএফ রেজো জানিয়েছে, এই মুহূর্তে যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসা নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এরপর রেল চলাচল স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার কারণ জানতে রেল কর্তৃপক্ষ ও পুলিশ তদন্ত শুরু করেছে।