সৌদি আরবের মক্কা নগরীকে লক্ষ্য করে ইয়েমেনের হুতিরা ড্রোন পাঠিয়েছিল বলে অভিযোগ করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। যদিও হুতিদের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মক্কার দক্ষিণে একটি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ড্রোনটি মক্কার আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করেন তিনি।
হুতিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
আল-মালিকি বলেন, “দুই মসজিদ এবং সেখানে আসা মুসল্লিদের নিরাপত্তা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’।”
মঙ্গলবার মক্কায় সম্ভাব্য আক্রমণ নিয়ে রেড অ্যালার্ট জারি করেছিল সৌদি আরব।
অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-তে থাকা ৫৭টি মুসলিম এই 'জঘন্য' আক্রমণের নিন্দা করেছে।
এদিকে, হুতিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ সৌদির অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। মক্কাকে লক্ষ্য করে হামলার দাবি ‘পুরো মিথ্যা’ বলে মন্তব্য করেছেন তিনি।