সুদানের দক্ষিণাঞ্চলে স্বর্ণের খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এএফপিকে দুই প্রত্যক্ষদর্শী ও জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
পশ্চিম কর্ডোফানের এল-নাহুদ শহরের কাছে গত মঙ্গলবার আল-জারা স্বর্ণ খনির বিভিন্ন সুড়ঙ্গ ধসে পড়তে শুরু করে। পরদিন সকালে সেখান থেকে ৬০টি মরদেহ উদ্ধার করা হয়।
খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
এই ঘটনায় বেঁচে যাওয়া খায়ের আল-সাইয়েদ জানান, জাবারা ধ্বংসস্তূপের নিচে আরও কতজন আটকা পড়ে আছেন, তা জানা যায়নি। খনি শ্রমিক সহকর্মীদের সঙ্গে তিনি সারারাত উদ্ধার অভিযানে অংশ নেন।
উদ্ধারকাজে অংশ নেওয়া শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা এএফপিকে বলেন, “আর কতজন ভেতরে আটকা পড়ে আছেন, আমরা জানি না।”
রাতভর অন্য শ্রমিকদের সঙ্গে উদ্ধারকাজ চালানোর কথা জানিয়ে তিনি বলেন, “মরদেহ বা জীবিত কাউকে উদ্ধারে সবাই চেষ্টা করছেন। তবে পাথর ও মাটি সরাতে ভারী যন্ত্রপাতি প্রয়োজন।”
আল-জারা খনিতে কাজ করা আরেক শ্রমিক আল-আমিন সুলেইমান জানান, খনিটির সুড়ঙ্গগুলো একে অপরের কাছাকাছি। একটি ধসে পড়লে পাশের সুড়ঙ্গগুলোও ধসে যায়। তার দাবি, এখন পর্যন্ত ৬০টি মরদেহ উদ্ধার হয়েছে এবং আরও মানুষ গত মঙ্গলবার থেকে ভূগর্ভে আটকা পড়ে আছেন। তাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও মনে করেন তিনি।