বহির্বিশ্বের কাছে জরুরি সহায়তা চাইছে সৌদি আরব

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করতে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইলের মজুত সংকটে পড়েছে সৌদি আরব। উদ্ভূত পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ জানিয়ে কয়েকটি বন্ধু রাষ্ট্রের কাছে সামরিক সহায়তা চেয়েছে দেশটি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  বার্তা সংস্থা এপির বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান ও মিসরের কাছে সৌদি আরবে নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের অনুরোধ করা হয়েছে। দেশটির প্রধান সামরিক মিত্র যুক্তরাষ্ট্রও গত ছয় মাস ধরে ইরানের সঙ্গে যুদ্ধাবস্থায় নিজস্ব ইন্টারসেপ্টর মিসাইলের সংকট তৈরি হওয়ায় রিয়াদকে পর্যাপ্ত সহায়তা দিতে পারছে না।

এদিকে সৌদি কতৃপক্ষ মক্কা নগরী লক্ষ্য করে হুথিদের ড্রোন হামলার চেষ্টার অভিযোগ তুলে তা মাঝপথে ভূপাতিত করার দাবি জানিয়েছে। তবে হুথিরা তা অস্বীকার করে কেবল তেল অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার দাবি পুনর্ব্যক্ত করেছে।

আঞ্চলিক এক কর্মকর্তা জানান, সামরিক ঘাঁটি ও সরকারি স্থাপনার পাশাপাশি দেশজুড়ে বিস্তৃত তেল অবকাঠামো সুরক্ষিত রাখতে রিয়াদের ওপর চাপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। সাময়িকভাবে কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া হলেও হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মিত্রদের নিয়ে সম্মিলিত সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয় নিয়ে আলোচনা চলছে।

যুক্তরাজ্য রিয়াদের সঙ্গে প্রতিরক্ষা অংশীদারত্বের কথা নিশ্চিত করলেও সরাসরি সহায়তার আবেদনের বিষয়ে মন্তব্য করেনি। তবে পাকিস্তান ও তুরস্কের কর্মকর্তারা সৌদি আরবের সামরিক সহায়তার আবেদন সংক্রান্ত কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন। অন্যদিকে ইয়েমেনের এই উত্তেজনা প্রশমনে ওমান ও মিসর মধ্যস্থতার উদ্যোগ চালিয়ে যাচ্ছে।