প্রথা ভেঙে ট্রাম্প নিজেই উপস্থিত থেকে শি জিনপিংকে স্বাগত জানাবেন

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই হাই-প্রোফাইল সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, প্রযুক্তিগত সহযোগিতা এবং অ-কৌশলগত কিছু পণ্যের ওপর থেকে পারস্পরিক শুল্ক হ্রাসের বিষয়গুলো প্রাধান্য পাবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের বরাতে এপি নিউজ জানায়, বুধবার ওয়াশিংটনের বাইরে অবস্থিত জয়েন্ট বেস অ্যান্ড্রিউস বিমান ঘাঁটিতে শি জিনপিংয়ের বিশেষ বিমান অবতরণ করবে। কূটনৈতিক প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বিমান ঘাঁটিতে উপস্থিত থেকে তাঁকে স্বাগত জানাবেন।

সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে পরদিন বৃহস্পতিবার সকালে। হোয়াইট হাউসের ‘স্টেট ফ্লোর’-এ চীনা প্রেসিডেন্ট ও তার স্ত্রী পেং লিউয়েনকে অভ্যর্থনা জানাবেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। রোজ গার্ডেনে সামরিক গার্ড অব অনার পরিদর্শনের পর দুই নেতা রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। এ সময় দুই দেশের ফার্স্ট লেডিরা পৃথক একটি কর্মসূচিতে অংশ নেবেন।

বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের ‘ইস্ট রুম’-এ চীনা প্রতিনিধিদলের সম্মানে বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে আমাজন, টেসলা, গুগল, অ্যাপল, ওপেনএআই, এনভিডিয়া, সিটিগ্রুপ ও ডেল টেকনোলজিসের শীর্ষ প্রযুক্তি ও ব্যবসায়ী ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে। হোয়াইট হাউসের নির্মাণাধীন নতুন বলরুমের কাজ শেষ না হওয়ায় অতিথির সংখ্যা সীমিত রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

শুক্রবার সফরের শেষ দিনে শি জিনপিং ও পেং লিউয়েন হোয়াইট হাউসে ট্রাম্প দম্পতির সাথে এক ব্যক্তিগত চা-চক্রে অংশ নেবেন। এরপর যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে তাদের নিয়ে মার্কিন ‘ন্যাশনাল আর্কাইভস’ পরিদর্শন শেষে চীনা প্রেসিডেন্ট বেইজিংয়ের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করবেন।

এদিকে রাষ্ট্রীয় সফরের পাশাপাশি দুই দেশের শীর্ষ অর্থনৈতিক কর্মকর্তারাও পৃথক সংলাপে বসছেন। নিউইয়র্কে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট চীনের ভাইস প্রিমিয়ার হি লিফেংয়ের সঙ্গে বৈঠক করবেন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং বিরল মৃত্তিকা ধাতুর (রেয়ার আর্থ) সরবরাহ নিশ্চিতের বিষয়গুলো আলোচনা করা হবে। উল্লেখ্য, এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদে শেষবারের মতো যুক্তরাষ্ট্র সফর করেছিলেন শি জিনপিং।