দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দিতে ব্যবহৃত এইচ-১বি (H-1B) ভিসায় ১ লাখ ডলার ফি আরোপের সিদ্ধান্তের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউস জানায়, ২০২৫ সালের সেপ্টেম্বরে জারি করা এই নির্বাহী আদেশের মেয়াদ ২০২৭ সালের ২১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
এইচ-১বি ভিসার মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলো বিদেশি দক্ষ কর্মীদের কয়েক বছরের জন্য নিয়োগ দিতে পারে। বিশেষ করে প্রযুক্তি ও আইটি খাতে এই ভিসার ব্যবহার সবচেয়ে বেশি।
গত বছর নির্দিষ্ট কিছু এইচ-১বি আবেদনকারীর জন্য ১ লাখ ডলারের বাড়তি ফি আরোপ করে ট্রাম্প প্রশাসন। আগে এই ফি ছিল প্রায় ২,০০০ থেকে ৫,০০০ ডলারের মধ্যে। ট্রাম্প এই ফি স্থায়ীভাবে বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছেন।
তবে এই ফি আদায় নিয়ে যুক্তরাষ্ট্রে জোর আইনি লড়াই চলছে। গত জুনে এক ফেডারেল বিচারক প্রশাসনের আরোপ করা বাড়তি ফিকে বেআইনি ঘোষণা করে সরকারকে তা আদায় বন্ধের নির্দেশ দেন। বর্তমানে বোস্টনের একটি আপিল আদালত ওই রায় পর্যালোচনা করছে।
একইসঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ইউএস চেম্বার অব কমার্সও এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে, যা আদালতে বিচারাধীন।
নতুন এই বিধিনিষেধের আওতার বাইরে থাকছেন যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীরা। এছাড়া বর্তমানে এইচ-১বি ভিসায় থাকা কর্মীদের ভিসা নবায়নের ক্ষেত্রেও এই ১ লাখ ডলারের ফি দিতে হবে না।
ট্রাম্প প্রশাসনের মতে, স্থানীয় কর্মীদের সুযোগ নিশ্চিত করতেই এই কড়াকড়ি। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত ও ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, দেশে দক্ষ কর্মীর ঘাটতি মেটাতে এই ভিসা কর্মসূচির বিকল্প নেই।