পবিত্র মসজিদুল হারামের প্রবীণ ও বিশিষ্ট মুয়াজ্জিন শায়খ ইবরাহিম বিন আদেল আল-মাদানি ইন্তেকাল করেছেন। সোমবার ফজরের সময় সৌদি আরবের মক্কা নগরীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) হারামাইন শরীফাইনের অফিশিয়াল এক্স (টুইটার) অ্যাকাউন্টের বরাতে তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
শায়খ ইবরাহিম আল-মাদানি পবিত্র মসজিদুল হারামের ‘মুকাব্বিরিয়া’র অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রধানত ফজরের আজান ও ইমামের তাকবির মুসল্লিদের নিকট পৌঁছে দেওয়ার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। মসজিদুল হারামে ২৪ জন নিয়মিত মুয়াজ্জিনের মধ্যে গত ১১ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরিতে তিনি তার জীবনের শেষ আজানটি প্রদান করেন।
১৩৯৭ হিজরিতে মদিনা মুনাওয়ারায় জন্মগ্রহণকারী শায়খ ইবরাহিম শৈশবেই পারিবারিক পরিবেশে পবিত্র কোরআন হিফজ করেন। মাত্র ১৫ বছর বয়সে মদিনার একটি স্থানীয় মসজিদে আজান দেওয়ার মাধ্যমে তার মুয়াজ্জিন জীবনের সূচনা হয়। পরবর্তীতে মদিনার মসজিদ আল-মাদ্দাহতে দায়িত্ব পালনের পর ১৪৩৯ হিজরিতে তাকে আনুষ্ঠানিকভাবে পবিত্র মসজিদুল হারামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মদিনায় বেড়ে ওঠার সুবাদে আজানের ‘মাদানি’ রীতির পাশাপাশি মসজিদুল হারামের সাবেক মুয়াজ্জিন শায়খ আবদুল লতিফ মুল্লার সান্নিধ্যে তিনি ‘মক্কি’ ধারার সুর ও বৈশিষ্ট্যেও পারদর্শিতা অর্জন করেন। আজান, হজ ও ঈদের তাকবিরে তার অনন্য কণ্ঠের বহু রেকর্ড সংরক্ষিত রয়েছে।