নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে কাজের সুযোগ, আসছে নতুন ভিসা

নিউজিল্যান্ডে পড়াশোনা শেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাজের সুযোগ বাড়ছে। আগামী ১৬ নভেম্বর থেকে নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার যোগ্যতা বাড়ানো হবে। একইসঙ্গে এ ভিসার যোগ্যতা পূরণ করতে না পারা কিছু গ্র্যাজুয়েটের জন্য চালু হবে ছয় মাসের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা’।

পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসায় নতুন সুযোগ

নতুন নিয়মে লেভেল ৭ গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন শিক্ষার্থীরা নির্দিষ্ট শর্তে পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার আবেদন করতে পারবেন। এজন্য নিউজিল্যান্ডে পূর্ণকালীন গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে হবে।

অন্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা কিংবা আগের কোনো যোগ্যতার ভিত্তিতে নেওয়া ক্রেডিট এক্ষেত্রে গণনা করা হবে না। রিকগনিশন অব প্রায়োর লার্নিংয়ের মাধ্যমে পাওয়া ক্রেডিটও এর বাইরে থাকবে।

আবেদনকারীর স্নাতক ডিগ্রি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয় অথবা বিদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হতে পারে। ডিগ্রি কবে সম্পন্ন করা হয়েছে, সে বিষয়ে কোনো সময়সীমা থাকছে না।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির জন্য ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশন অ্যাসেসমেন্ট বা আইকিউএ করতে হবে না। তবে আবেদনের সময় ডিগ্রির সনদ ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট দিতে হবে।

ছয় মাসের নতুন কাজের ভিসা

পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসার শর্ত পূরণ করতে না পারা নির্দিষ্ট গ্র্যাজুয়েটদের জন্য শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা চালু করা হবে। এই ভিসায় ছয় মাস পর্যন্ত খোলামেলা কাজের সুযোগ থাকবে।

লেভেল ৫ থেকে ৭-এর মধ্যে কোনো যোগ্যতাসম্পন্ন কোর্স নিউজিল্যান্ডে অন্তত ২৪ সপ্তাহ পূর্ণকালীনভাবে শেষ করলে এ ভিসার আবেদন করা যাবে। আবেদনকারীর নিজের জীবনযাপনের খরচ চালানোর জন্য কমপক্ষে ৫ হাজার নিউজিল্যান্ড ডলার থাকতে হবে।

শিক্ষার্থী ভিসার মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আবেদন করতে হবে।

নতুন ভিসায় রয়েছে যেসব শর্ত

শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার মেয়াদ বাড়ানো যাবে না। একজন ব্যক্তি এ ভিসা একবারের বেশি পাবেন না।

এই ভিসার অধীন থাকা ব্যক্তি নিজস্ব ব্যবসার মালিক হতে পারবেন না। পাশাপাশি এই ভিসার মাধ্যমে তাঁর সঙ্গীকে ওয়ার্ক ভিসা অথবা সন্তানকে ডিপেনডেন্ট চাইল্ড স্টুডেন্ট ভিসা দেওয়ার জন্য আবেদন করা যাবে না।

আবেদন শুরু কবে

নতুন নিয়ম অনুযায়ী পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা এবং শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসার আবেদনই শুরু হবে ১৬ নভেম্বর ২০২৬ তারিখ থেকে। নিউজিল্যান্ডের ইনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন ব্যবস্থার মাধ্যমে আবেদন করা যাবে।