ছদ্মবেশে সাইক্লিং করতেন আফগান নারী, জিতলেন রৌপ্য পদক 

নারী সাইক্লিস্ট ফারিবা হাশেমি আফগানিস্তানের বাসিন্দা। সম্প্রতি এশিয়ান গেমসে রৌপ্য পদক জয় করেছেন তিনি। 

আন্তর্জাতিক সংবাদসংস্থা বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি জানিয়েছেন, খেলায় নিজের ক্যারিয়ার গড়ার লড়াইয়ে একসময় পুরুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের নাগোয়া শহরের কাছে আয়োজিত নারীদের রোড রেসে তিনি এই পদক অর্জন করেন। বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

২৩ বছর বয়সী এই ক্রীড়াবিদ ২০২১ সালে আফগানিস্তানে তালিবান পুনরায় ক্ষমতায় আসার পর তার দেশ ছেড়ে পালিয়ে যান। 

তিনি জানান, যে দেশে নারীদের অধিকার মারাত্মকভাবে খর্ব করা হয়, সেখানে আক্রমণের শিকার হওয়া থেকে বাঁচতে বাধ্য হয়েই তিনি ছদ্মবেশে প্রশিক্ষণ নিতেন। 

নিজের পদকটিকে ‘বিশেষ কিছু’ হিসেবে বর্ণনা করে হাশেমি বলেন, ‘‘এটি আফগানিস্তানের অন্যান্য নারীদেরও তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।’’ 

আফগানিস্তান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি এমন একটি দেশে জন্মগ্রহণ করেছি যেখানে স্বপ্ন দেখা নারীরা আক্রমণের শিকার হন, আর আমি সেই প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে পেরেছি-এজন্য সত্যিই আনন্দিত।’’ 

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘‘আশাবাদী পরবর্তী প্রজন্ম কোনো ভয় ছাড়াই এখানে আসতে পারবে এবং নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পারবে।’’ 

হাশেমি তার বোন ইউলদুজের অনুপ্রেরণায় ১৫ বছর বয়সে এই খেলায় আসেন। ইউলদুজও একজন আন্তর্জাতিক মানের সাইক্লিস্ট। 

সাক্ষাতকারে হাশেমি জানান, প্রশিক্ষণে যাওয়ার সময় তিনি সবসময় পুরুষের পোশাক পরতাম এবং মুখে ২-৩টি মাস্ক পরতেন যাতে মানুষ তাকে সহজে চিনতে না পারে এবং আক্রমণ না করে। 

আফগানিস্তানের কট্টর জীবননীতির স্মৃতিচারণ করতে গিয়ে হাশেমি বলেন, ‘‘তালিবান আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছিল।’’  

নিজের লড়াইয়ের কথা উল্লেখ করে হাশেমি জানান, বাইক চালানোর সময় তাকে মানুষের ছোড়া পাথরের আঘাত থেকে বাঁচতে হতো। 

ইতালির সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আলেজান্দ্রা ক্যাপেলোটোর সহায়তায় আফগান নারী হাশেমি এখন ইতালিতে বসবাস করছেন ও প্রশিক্ষণ নিচ্ছেন।