এবার সৌদি আরবে সৈন্য পাঠাচ্ছে ফ্রান্স

সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবু বন্দরের নিরাপত্তা জোরদারে দেশটিতে সেনা, রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে লোহিত সাগর উপকূলের এই কৌশলগত অবকাঠামোটি রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফ্রান্সের টেলিভিশন চ্যানেল টিএফ১ ও ফ্রান্স২-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট নিজের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, “আমরা সেখানে সামরিক সরঞ্জাম পাঠাতে যাচ্ছি, অর্থাৎ এই গুরুত্বপূর্ণ স্থাপনাটি রক্ষার জন্য সেনা, রাডার ব্যবস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হবে। কোনো সংঘাতে জড়ানোর জন্য নয়, বরং এই স্থাপনাটির নিরাপত্তা নিশ্চিত করতেই আমরা এটি পাঠাচ্ছি।”

আন্তর্জাতিক অর্থনীতি ও জ্বালানি পরিস্থিতি প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্রে ডিজেল রপ্তানি নিষিদ্ধ করার যেকোনো পদক্ষেপ বিশ্ব অর্থনীতি ও স্বয়ং মার্কিন অর্থনীতির জন্য বিপর্যয়কর হবে।” ফ্রান্সের ঘরোয়া জ্বালানি পরিস্থিতি নিয়ে ফরাসি নাগরিকদের আশ্বস্ত করে তিনি জানান, আসন্ন শীতের জন্য ফ্রান্সে পর্যাপ্ত গ্যাস ও তেলের মজুত রয়েছে।

অন্যদিকে ইউরোপে রাশিয়ার সম্ভাব্য 'হাইব্রিড হামলা' ও সাইবার হুমকি নিয়ে সতর্কবার্তা দেন ফরাসি প্রেসিডেন্ট। জার্মানিতে ঘটে যাওয়া ব্যর্থ ড্রোন হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে রাশিয়া একের পর এক শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে ড্রোন ও সাইবার হামলা থেকে সুরক্ষায় বিশেষ পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।”

তবে ফরাসি ভূখণ্ডে ড্রোন হামলার বিষয়ে সিআইএ-র সতর্কবার্তা সংক্রান্ত স্প্যানিশ সংবাদপত্রের একটি প্রতিবেদন সম্পূর্ণ নাকচ করে দিয়ে ম্যাক্রোঁ জানান, মার্কিন গোয়েন্দা সংস্থা থেকে এ ধরনের কোনো তথ্য ফরাসি সংস্থাকে দেওয়া হয়নি।