বাংলাদেশের বোয়িং কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, যা লিখলেন

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ ও তুরস্কের উড়োজাহাজ কেনার বাণিজ্যিক চুক্তিকে মার্কিন অর্থনীতি ও উৎপাদন খাতের জন্য ‘বড় দিন’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এর ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশ ও তুরস্কের বিশাল অঙ্কের এই যৌথ ক্রয়ের বিষয়টিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কর্মসংস্থান বৃদ্ধির অন্যতম নিয়ামক বলে অভিহিত করেন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিমান বহর সম্প্রসারণে বোয়িংয়ের কাছ থেকে ১১টি নতুন উড়োজাহাজ কেনার আনুষ্ঠানিক চুক্তি নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। অন্যদিকে বোয়িং নিশ্চিত করেছে যে তুরস্কের টার্কিশ এয়ারলাইনস তাদের কাছ থেকে ১০০টি উড়োজাহাজ ক্রয়ের আদেশ দিয়েছে, যেখানে ভবিষ্যতে আরও ৫০টি কেনার সুযোগ রাখা হয়েছে।

সামাজিক যোগাযোযোগমাধ্যমের পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “তুরস্ক ও বাংলাদেশ মিলিয়ে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার ঘোষণা দিয়েছে এবং আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে। এই বিপুল পরিমাণের মার্কিন রপ্তানি যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরিতে সহায়তা করবে।”

এই চুক্তি সফল করতে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ও মার্কিন বাণিজ্য দপ্তরের প্রত্যক্ষ ভূমিকার কথা উল্লেখ করে ট্রাম্প আরও লেখেন, “আপনি যখন আমেরিকায় উৎপাদন করবেন, আমেরিকা থেকে রপ্তানি করবেন এবং মার্কিন কর্মীদের সমর্থন করবেন, তখন আপনার কোম্পানি আরও শক্তিশালী হয়ে উঠবে।” পোস্টে তিনি বোয়িং কর্তৃপক্ষ ও সাধারণ কর্মীদের অভিনন্দন জানান।