যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নৌঅবরোধ তুলে নিতে ৭ দিনের এক সময়ভিত্তিক 'রোডম্যাপ' প্রস্তাব করেছে ইরান। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের কাছে এই নতুন পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএন ও আল জাজিরার সূত্র অনুযায়ী, মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলতি সপ্তাহের শুরুতেই এই প্রস্তাবটি ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে তেহরান।
দীর্ঘ সাত মাসে গড়ানো এই যুদ্ধের প্রভাব বিশ্ব অর্থনীতিতে ব্যাপকভাবে পড়ার প্রেক্ষাপটে ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে গাজা ও লেবাননসহ সব ফ্রন্টে সামরিক সংঘাত সম্পূর্ণ বন্ধ করতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে আটকে থাকা ইরানের অন্তত ১ হাজার ২০০ কোটি ডলারের সম্পদ মুক্ত করা, ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ওয়াশিংটনের নৌঅবরোধ তুলে নেওয়ার শর্ত রাখা হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ওয়াশিংটন সব শর্ত পূরণ করলে সাত দিন সময়সীমার শেষ দিনে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে দেওয়া হবে এবং এর পরপরই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে আলোচনা শুরু হতে পারে।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাংবাদিকদের বলেন, “আমরা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছি।” অন্যদিকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা সিএনএনকে জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে উভয় পক্ষ 'গঠনমূলক আলোচনা' চালিয়ে যাচ্ছে।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের কাতারভিত্তিক মধ্যস্থতায় স্বাক্ষরিত পূর্বের সমঝোতা ভেস্তে যাওয়ার পর ৭ দিনের এই সংক্ষিপ্ত সময়সীমা অর্জন করা বেশ কঠিন। জেনিভা গ্র্যাজুয়েট ইনস্টিটিউটের অধ্যাপক সাইরাস শায়েগ আল-জাজিরাকে জানান, “মৌলিক জায়গায় তেমন কোনো পরিবর্তন হয়নি; মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে এই যুদ্ধ বন্ধে বড় কোনো অগ্রগতির সম্ভাবনা কম।”