সাইবেরিয়ার ল্যাবে রহস্যময় সংক্রমণে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে ২০০ জন

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অজ্ঞাত সংক্রমণে এক গবেষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ইরকুতস্ক অঞ্চলের শেলেখভ শহরের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটের। ল্যাবরেটরিতে দুর্ঘটনার পর সংক্রমণ ছড়িয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য প্লেগ সংক্রমণের বিষয়েও তদন্ত শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার ভোক্তা অধিকার ও মানবকল্যাণ তদারকি সংস্থা রসপোট্রেবনাদজোর জানিয়েছে, ওই গবেষক অজ্ঞাত কারণে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং পরে মারা যান। ল্যাবসংশ্লিষ্ট এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে সংস্থাটি জানায়, রোগের কারণ তখনো শনাক্ত করা যায়নি। তবে তিনি প্লেগে আক্রান্ত ছিলেন, এমনটি এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ঘটনার পর শেলেখভ ও আশপাশের এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় কয়েকটি মাতৃসদনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কাছের একটি অ্যালুমিনিয়াম কারখানা ও সংশ্লিষ্ট গবেষণাগারের কর্মীদের মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

রাশিয়ার একটি স্বাধীন স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই গবেষক যে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানে প্রায় ২০০ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এই সংখ্যা রুশ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

পাশের বুরিয়াতিয়া প্রজাতন্ত্রের প্রধান জানিয়েছেন, এর আগে ২৮ বছর বয়সী এক কর্মীর মৃত্যু হয়েছিল এবং তার মৃত্যুর কারণ প্লেগ হতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। এরপর আঞ্চলিক অ্যান্টি-এপিডেমিক কমিশনের জরুরি বৈঠক ডাকা হয়।

তবে রসপোট্রেবনাদজোর জানিয়েছে, ইরকুতস্ক ও শেলেখভের বর্তমান পরিস্থিতি স্থিতিশীল। কর্তৃপক্ষের ভাষ্য, সেখানে প্লেগের কোনো প্রাদুর্ভাবের প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

ইরকুতস্ক অ্যালুমিনিয়াম প্ল্যান্টের পরিচালক আর্তেম ফোমিনিখ জানিয়েছেন, মৃত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে পরীক্ষা করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের কারও মধ্যে রোগের লক্ষণ পাওয়া যায়নি এবং পরীক্ষাগারের ফলও নেতিবাচক এসেছে।

রসপোট্রেবনাদজোরের সাবেক প্রধান গেনাদি ওনিশচেঙ্কোও বলেছেন, “প্লেগের প্রাদুর্ভাবের আশঙ্কা প্লেগ নিশ্চিত হলেও রোগটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।“

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, রাশিয়ায় নিউমোনিক প্লেগের খবর সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং রুশ কর্তৃপক্ষকে দ্রুত ও সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছে। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে আতঙ্কিত না হতে বলেছে।