কৃষ্ণসাগরে তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার

রাশিয়ার কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলায় আগুন লেগে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাশিয়ার পর্যটন শহর সোচির কাছাকাছি সিরিয়াস এলাকায় কাছে এ হামলার ঘটনা ঘটে। 

পরে রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল জাহাজটিতে থাকা ২৩ ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে।

রুশ পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের জাহাজটিতে একটি নৌ-ড্রোন আঘাত হানে। হামলার পরপরই জাহাজে আগুন ধরে যায় এবং দ্রুত তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটিতে থাকা ২৩ নাবিকই ভারতীয় নাগরিক। কোস্টগার্ডের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর সময় জাহাজের প্রায় পুরো অংশ আগুনে জ্বলছিল। আগুনের তীব্রতার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়লেও শেষ পর্যন্ত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়।

নাবিকদের উদ্ধারের পর রাশিয়ার দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সাগরের মধ্যে জাহাজটি দাউদাউ করে জ্বলছে। জাহাজের ওপর থেকে উঠছে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি।

কৃষ্ণ সাগর উপকূলের হামলাটি ঘটে। ঘটনার পর ওই এলাকার সমুদ্রসৈকতগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে জাহাজটি রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় এর আগে ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় ছিল বলে জানা গেছে।

এ কারণে হামলার পেছনে ইউক্রেনের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা থাকলেও, দায় স্বীকার না করা পর্যন্ত হামলাটি কারা চালিয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।