আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের সঙ্গে কথা বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পিচাই এ প্রস্তাবে রাজি হননি বলে জানিয়েছেন ট্রাম্প।
বুধবার (২১ অক্টোবর) সাউথ ক্যারোলাইনায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ কথা জানান তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, আটলান্টিক মহাসাগরের নাম পরিবর্তনের প্রস্তাব বাস্তবায়ন সম্ভব কি না, তা জানতে তিনি সরাসরি গুগলের সিইও সুন্দর পিচাইকে ফোন করেছিলেন।
ট্রাম্প বলেন, “আমি কেবল দুটি মহাসাগর পছন্দ করি - আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর। এই দুটি ছাড়া অন্য কোনো মহাসাগরের নামের সঙ্গে আমি ট্রাম্প বা আমেরিকা যুক্ত করতে রাজি নই। তাই আমরা আটলান্টিক মহাসাগরের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছি।”
এ সময় গুগল ম্যাপসের আগের নাম পরিবর্তনের উদ্যোগের প্রসঙ্গও টানেন তিনি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, গুগল এর আগে উপসাগরের নাম পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখলেও মহাসাগরের নাম বদলানোর প্রস্তাবে প্রতিষ্ঠানটি আপত্তি জানিয়েছে।
সুন্দর পিচাইয়ের সঙ্গে কথোপকথনের বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন, “আমি বললাম, সুন্দর, আমি আটলান্টিক মহাসাগর নিয়ে ভাবছি। জবাবে পিচাই তাকে বলেন, “না, না, না। এবার আমি এটা করছি না। স্যার, মহাসাগরের বিষয়টা আলাদা। এগুলো অনেকগুলো দেশজুড়ে বিস্তৃত। দয়া করে আমাদের এটা করতে বলবেন না।”
পিচাইয়ের এই প্রতিক্রিয়ার কথা জানিয়ে ট্রাম্প জানান, তিনি সম্ভবত প্রস্তাবটি থেকে সরে আসবেন। সমাবেশে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশে তিনি প্রশ্ন করেন, তার কি প্রস্তাবটি বাদ দেওয়া উচিত? পরে তিনি বলেন, তার মনে হয়, এর নাম আটলান্টিক মহাসাগরই থাকা উচিত।
এর আগে নাম পরিবর্তনের বিষয়ে গুগল ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পদক্ষেপ নিয়েছিল। এতে মেক্সিকো, কানাডাসহ বিভিন্ন দেশের মানুষের সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি।
ট্রাম্প একটি নির্বাহী আদেশের মাধ্যমে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে ‘গালফ অব আমেরিকা’ রাখেন। এছাড়া যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্যবিরোধ চলাকালে অন্টারিও হ্রদের নাম ‘লেক আমেরিকা’ করার উদ্যোগও নিয়েছিলেন তিনি। নতুন নাম ব্যবহারের জন্য মার্কিন কেন্দ্রীয় সংস্থাগুলোর প্রতি নির্দেশনা দিয়ে নির্বাহী আদেশেও স্বাক্ষর করেছিলেন।
বর্তমানে গুগল ম্যাপে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা মেক্সিকো উপসাগর ও অন্টারিও হ্রদকে যথাক্রমে ‘গালফ অব আমেরিকা’ ও ‘লেক আমেরিকা’ নামে দেখতে পান। তবে সার্চের ফলাফলে পুরোনো নামের পাশাপাশি বন্ধনীর মধ্যে নতুন নামও দেখানো হয়। মেক্সিকো ও কানাডার ব্যবহারকারীদের ক্ষেত্রে অবশ্য আগের নামগুলোই বহাল রয়েছে।