হরমুজ প্রণালির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, কেশম দ্বীপে বিস্ফোরণ


ইরানের দক্ষিণাঞ্চল থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দিকে তিনটি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল নিক্ষেপ করার খবর পাওয়া গেছে। একই সময়ে প্রণালির ভেতরে অবস্থিত ইরানের কেশম দ্বীপে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সোমবার (৯ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গলফ নিউজ।

প্রতিবেদনে জানানো হয়, ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকা থেকে হরমুজ প্রণালির দিকে তিনটি প্রজেক্টাইল ছোঁড়া হয়। তবে এগুলো কী ধরনের অস্ত্র, ঠিক কোন লক্ষ্যবস্তুকে উদ্দেশ্য করে ছোঁড়া হয়েছে কিংবা কোথাও আঘাত হেনেছে কি না, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া কেশম দ্বীপে বিস্ফোরণের কারণও এখনো স্পষ্ট নয়। এই আকস্মিক ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানায়নি ইরানি কর্তৃপক্ষ।

এদিকে, ইরানের অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমগুলো দেশটির জাস্ক ও বন্দর আব্বাস শহরেও বিস্ফোরণের শব্দ পাওয়ার খবর প্রকাশ করেছে। প্রাথমিক পর্যায়ে এসব বিস্ফোরণকে ইরানের নিজস্ব সামরিক তৎপরতার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হলেও পরে তা নিশ্চিত করা যায়নি।

বিশ্বের অন্যতম প্রধান ও সংবেদনশীল জ্বালানি পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি। বিশ্বের বিভিন্ন দেশে তেল ও গ্যাস সরবরাহের একটি বিরাট অংশ এই রুট দিয়েই পরিবাহিত হয়। এই কৌশলগত প্রণালিকে কেন্দ্র করে যখন বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই বিস্ফোরণ ও প্রজেক্টাইল নিক্ষেপের ঘটনাগুলোর খবর সামনে এল।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনার প্রকৃত কারণ, লক্ষ্যবস্তু এবং এর সম্ভাব্য ক্ষয়ক্ষতির চিত্র পরিষ্কার হতে আরও কিছুটা সময় লাগবে। ঘটনাটির ওপর নিবিড় পর্যবেক্ষণ রাখছে আন্তর্জাতিক মহল।