দীর্ঘ ১৫ বছর বন্ধ থাকার পর অবশেষে সিরিয়ার রাজধানী দামেস্কের ঐতিহাসিক সুলায়মানিয়া কমপ্লেক্সে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সংস্কার কাজ শেষে উসমানীয় আমলের এই প্রাচীন মসজিদে বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে জুমার নামাজ আদায় করা হয়।
১৬ শতকে উসমানীয় সুলতান সুলায়মান দ্য ম্যাগনিফিসেন্টের শাসনামলে নির্মিত এই ঐতিহাসিক স্থাপনাটি স্থানীয়ভাবে ‘তেক্কিয়ে মসজিদ’ নামেও পরিচিত। ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ ও সংঘাত শুরু হলে মসজিদটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে দীর্ঘ সময় ধরে সেখানে সব ধরনের জামাত ও নামাজ আদায় বন্ধ রাখা হয়েছিল।
সম্প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্কারকর্মীরা মসজিদটির কাঠামোগত ক্ষয়ক্ষতি মেরামত এবং এর মূল ঐতিহাসিক রূপ ফিরিয়ে আনতে ব্যাপক উদ্যোগ নেন। নিপুণ সংস্কারকাজ সম্পন্ন হওয়ার পর ধর্মীয় কর্তৃপক্ষ সেখানে নিয়মিত সাপ্তাহিক জুমার নামাজ ফের চালুর অনুমতি দেয়।
শুক্রবার জুমার নামাজে অংশ নিতে মসজিদের প্রধান কক্ষ এবং এর প্রশস্ত খোলা চত্বরে মুসল্লিদের উপচে পড়া ভিড় দেখা যায়। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর তাদের চেনা ও প্রিয় এই ধর্মীয় স্থানে ফিরে আসতে পেরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক আবেগ, স্বস্তি ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর সিরিয়ার রাজধানী দামেস্কে ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাত্রা ও ঐতিহ্যবাহী সংস্কৃতি ফিরিয়ে আনার ক্ষেত্রে এই ঐতিহাসিক মসজিদটির পুনরায় চালু হওয়া একটি অত্যন্ত ইতিবাচক ও গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে এখনো অনেক ঐতিহাসিক স্থাপনা বন্ধ রয়েছে অথবা সংস্কারের অপেক্ষায় রয়েছে।