যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচলে জারি করা নিষেধাজ্ঞা প্রায় চার ঘণ্টা পর প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে শুক্রবার (১৩ নভেম্বর) এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তবে এতে যাত্রীদের দুর্ভোগের অবসান হয়নি। ফ্লাইট চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে এবং বিমানবন্দর ও এয়ারলাইনসগুলো পূর্ণ সক্ষমতায় ফিরতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন ফেডারেল কর্মকর্তারা।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রে এটিই ছিল সবচেয়ে দীর্ঘ সময় ধরে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকার ঘটনা।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, শুক্রবার যুক্তরাষ্ট্রে ৪,৭০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে ১০,০০০ ফ্লাইট। এছাড়া শনিবারের জন্য আগেই আরও প্রায় ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাব অনুযায়ী, ফ্লাইট বাতিলের কারণে আনুমানিক ১৫ লাখ মানুষ আটকা পড়েছেন।
বিমান চলাচল বিশ্লেষকদের মতে, চার ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ থাকার প্রভাব কাটিয়ে এয়ারলাইন্সগুলোর নিয়মিত সূচিতে ফিরতে কয়েক দিন লেগে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেন, “কোনো নিরাপত্তা হুমকির কারণে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এ সপ্তাহে মাইক্রোসফটের সেবায় বিঘ্ন ঘটানো বিভ্রাটের সঙ্গেও এর সম্পর্ক নেই। সমস্যাটি সাইবার হামলার কারণে হয়েছে, এমন কোনো প্রমাণও তার বিভাগের কাছে নেই।”
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, পুরোনো বিমান চলাচল নিয়ন্ত্রণ প্রযুক্তি এবং অতিরিক্ত তথ্যের চাপে থাকা রাউটারগুলোর কারণে শুক্রবার দেশজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ রাখতে হয়েছিল।
এর আগে এফএএ এয়ারলাইনসগুলোকে জানিয়েছিল, সমস্যাটির সূত্রপাত শিকাগোর মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে তা দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা দীর্ঘদিন ধরেই পুরোনো অবকাঠামো, যন্ত্রপাতি ও যোগাযোগসংক্রান্ত সমস্যা এবং নিয়ন্ত্রকের স্বল্পতা নিয়ে চাপে রয়েছে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর ২০২৩ সালের জানুয়ারিতেও যুক্তরাষ্ট্রে ফ্লাইট চলাচল বন্ধের ঘটনা ঘটেছিল। সে সময় এফএএ প্রায় ৯০ মিনিটের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটের উড্ডয়ন স্থগিত করেছিল।