টানা এক বছরের বেশি সময় ধরে স্থানীয়ভাবে হামের সংক্রমণ অব্যাহত থাকায় ‘হামমুক্ত’ দেশের স্বীকৃতি হারিয়েছে যুক্তরাষ্ট্র। ২০০০ সালে এই স্বীকৃতি পাওয়ার ২৬ বছর পর তা প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলের কার্যালয় প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা (পিএএইচও)।
শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ হাম সংক্রমণের মুখে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৫ সাল থেকে দেশটিতে এখন পর্যন্ত প্রায় ৭ হাজার ৫০০ জন হামে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। চলতি বছরেই গত বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৫টি অঙ্গরাজ্য, নিউ ইয়র্ক সিটি ও ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ৫ হাজার ১৮২ জনের দেহে হাম শনাক্ত হয়েছে; যেখানে গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯ জন।
বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশটিতে টিকাদানের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং টিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বিধা বেড়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রও বছরের পর বছর ধরে কোনো বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই হামের টিকার নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়িয়ে আসছেন।
প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থা তাদের মূল্যায়নে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) রোগতাত্ত্বিক ও পরীক্ষাগার সংক্রান্ত তথ্য পর্যালোচনা করে। কোনো দেশে টানা ১২ মাস বা তার বেশি সময় ধরে একই ধরনের হাম ভাইরাসের স্থানীয় সংক্রমণ চলতে থাকলে সেই দেশের নির্মূল স্বীকৃতি বাতিল করা হয়। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেলেও পিএএইচও-র সদস্য হিসেবে রয়েছে। সম্প্রতি কানাডা, স্পেন ও যুক্তরাজ্যও একই কারণে হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে।
নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক এবং হামবিষয়ক স্বাধীন পরামর্শক প্যানেলের প্রধান নোয়েল ব্রিউয়ার বলেন, “এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য একটি রোগ। এত বেশি হামের সংক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
জনস হপকিন্স ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের অধ্যাপক উইলিয়াম মস মনে করেন, এই স্বীকৃতি হারানো জনস্বাস্থ্য খাতে যুক্তরাষ্ট্রের সুনামের জন্য একটি বড় ধাক্কা, যা অন্যান্য দেশকেও নিরুৎসাহিত করতে পারে। তবে সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ জানিয়েছেন, স্বীকৃতি হারালেও সংস্থাটি আগের মতোই অঙ্গরাজ্যগুলোর সঙ্গে কাজ করে টিকাদান কর্মসূচিতে উৎসাহ দিয়ে যাবে।
জনস্বাস্থ্যবিদদের মতে, কোনো দেশের ৯৫ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা গেলে ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হয় এবং ভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব হয়। দুই ডোজ হামের টিকা প্রায় ৯৭ শতাংশ সুরক্ষা দেয়। হাম থেকে অন্ধত্ব, বধিরতা, মস্তিষ্কের ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।
বিশ্লেষকরা বলছেন, এই স্বীকৃতি হারানোর অর্থ হলো যুক্তরাষ্ট্রে বড় আকারে হামের প্রাদুর্ভাব অব্যাহত থাকার ঝুঁকি রয়েছে। দেশটিকে পুনরায় হাম নির্মূলের স্বীকৃতি ফিরে পেতে হলে সংক্রমণ পুরোপুরি বন্ধ করে অন্তত ১২ মাস প্রাদুর্ভাবমুক্ত থাকতে হবে।