পাকিস্তানে টিকটক ভিডিও ধারণের সময় বাঘের হামলায় তালহা নামে ১৯ বছর বয়সি এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কনটেন্ট নির্মাতা নোমান হাসান ও খামারের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক ম্যাগাজিন ‘পিপল’ ও টাইমস অব ইন্ডিয়ায় প্রতিবেদন থেকে জানা যায়, লাহোরের কাহনা এলাকার একটি ব্যক্তিমালিকানাধীন খামারে এ ঘটনা ঘটে।
টিকটক ভিডিও ধারণের জন্য কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে খাঁচা থেকে বাঘটিকে বের করা হয়েছিল। এ সময় সেটি খামারের কর্মী তালহার ওপর হামলা চালায়।
হামলায় গুরুতর আহত তালহাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় খামারের মালিক ফাইয়াজ ও নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। খামারের একটি প্রজননকেন্দ্রে বাঘটিকে রাখা হয়েছিল।
পুলিশ জানায়, শুরুতে ইনফ্লুয়েন্সার নোমান দাবি করেছিলেন, কুকুরের হামলায় তালহা আহত হয়েছেন। তবে তদন্তে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘‘টিকটকের প্রতি আগ্রহ কোনো মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে কারও জীবন ঝুঁকির মুখে ফেলার সুযোগ নেই। ঘটনা আড়াল করার চেষ্টা এবং অবহেলার প্রতিটি দিক তদন্ত করে দেখা হবে।’’
পুলিশ বিবৃতিতে জানায়, টিকটকারের উপস্থিতিতে বাঘটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় খামারের এক কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খামারটিতে বাঘ রাখার অনুমতি ছিল কি না এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলাও দায়ের করা হয়েছে।
নোমান হাসান তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে শিকল দিয়ে বেঁধে রাখা একটি বাঘকে চুমু দেওয়ার চেষ্টা করেন। অন্য একটি ভিডিওতে একটি চিতাবাঘকে আদর করার সময় প্রাণীটি হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আঁচড় দেয়।