পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম বাড়ছিল। এতে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও চাপ তৈরি হচ্ছিল। এমন পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার ব্যয় কমাতে এক বছরের জন্য একান্ত প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার আহ্বান জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তার যুক্তি ছিল, স্বর্ণ আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে তাই স্বর্ণ কেনা কমানো প্রয়োজন।
চলতি বছরের ১০ মে হায়দ্রাবাদে বিজেপির এক জনসভায় এ আহ্বান জানান মোদি। সেদিন জ্বালানির ব্যবহার কমানো এবং বিদেশ ভ্রমণ স্থগিত রাখাসহ সাতটি পরামর্শ দিয়েছিলেন তিনি। স্বর্ণ না কেনার আহ্বান ছিল সেগুলোর মধ্যে একটি।
মোদি বলেছিলেন, “স্বর্ণ কেনায় প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছর স্বর্ণ না কেনার সংকল্প নিতে হবে।”
এর তিন দিন পর সরকার স্বর্ণ ও রুপার ওপর আমদানি শুল্ক ৬% থেকে বাড়িয়ে ১৫% করে। গত ১ সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় আবারও স্বর্ণ না কেনার আহ্বান জানান মোদি। এবার বিষয়টিকে তিনি তার ‘স্বদেশি’ পণ্যের প্রচারণার সঙ্গেও যুক্ত করেন।
স্বর্ণ না কেনার আহ্বানে সাড়া কতটা
ভারতীয়রা সত্যিই কম স্বর্ণ কিনেছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারতে স্বর্ণ আমদানির পরিমাণ ছিল ২,৪৭৮ কোটি ডলার। আগের বছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪,১২৪ কোটি ডলার। অর্থাৎ আমদানি কমেছে ৩৯.৯%। শুধু অক্টোবরে স্বর্ণ আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৬২.৬% কমে ৫৫১ কোটি ডলারে নেমেছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) তথ্যেও একই প্রবণতা দেখা গেছে। জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে ভারতে স্বর্ণের চাহিদা ছিল ১৬২ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৯% কম। অলংকারের চাহিদা ২০% কমে প্রায় ১০০ টনে দাঁড়িয়েছে। ২০২০ সালের পর তৃতীয় প্রান্তিকের হিসাবে এটি সবচেয়ে দুর্বল অবস্থান। এছাড়া বার ও কয়েনের চাহিদা ৪০% কমে ৫৫ টনে নেমেছে।
তবে ডব্লিউজিসি জানিয়েছে, চাহিদা কমার পেছনে শুধু কেনাকাটায় সংযম নয়, উচ্চ মূল্যও বড় কারণ। পরিমাণে কম স্বর্ণ কিনলেও আর্থিক হিসাবে ভারতীয়রা আগের বছরের তুলনায় ৩% বেশি অর্থ ব্যয় করেছেন। এ সময়ে তাদের ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৯০০ কোটি রুপি।
স্বর্ণের দাম কমার কৃতিত্ব দিলেন মোদি
বিনা প্রয়োজনে স্বর্ণ না কেনার আহ্বানে সাড়া দেওয়ায় ভারতীয়দের প্রশংসা করেছেন মোদি। তার দাবি, যারা তার পরামর্শ মেনে স্বর্ণ কেনা থেকে বিরত থেকেছেন, তাদের অর্থ সাশ্রয় হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) লখনৌয়ে এক সমাবেশে এ কথা বলেন তিনি। গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেওয়া বক্তৃতায় মোদি বলেন, “আমি দেশবাসীর কাছে অনুরোধ করেছিলাম, এক বছরের জন্য একান্ত প্রয়োজন না হলে দয়া করে স্বর্ণ কিনবেন না।” চলতি বছরের ১০ মে তিনি এই আহ্বান জানিয়েছিলেন।
মোদি আরও বলেন, “লাল বাহাদুর শাস্ত্রীজি যেমন দেশবাসীকে একবেলা খাবার না খেতে বলেছিলেন এবং এ দেশ তার ডাকে সাড়া দিয়েছিল, আমার দেশ আজও সেই একই চরিত্র ধরে রেখেছে। আমার মতো একজন সাধারণ মানুষ কম স্বর্ণ কিনতে বলেছিলাম। দেশবাসী কম স্বর্ণ কিনেছে এবং স্বর্ণের দাম কমে গেছে। আজ মানুষ আমাকে বলছে, মোদিজি, আপনি বলেছিলেন, আমরা আপনার পরামর্শ শুনেছি এবং আমাদের টাকা বেঁচে গেছে।”
মোদির প্রথম আহ্বানের পরদিনই ভারতের অলংকারশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়। সেদিন স্কাই গোল্ডের শেয়ারের দাম ১২%-এর বেশি, সেনকো গোল্ডের প্রায় ১১%, কল্যাণ জুয়েলার্সের প্রায় ১০% এবং টাইটানের ৮% কমে যায়।
ভারতের বাজারেও স্বর্ণের দাম কমেছে। গত ১১ মে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (এমসিএক্স) প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম ছিল প্রায় ১ লাখ ৫২ হাজার রুপি। শুক্রবারের লেনদেন শেষে তা কমে দাঁড়ায় প্রায় ১ লাখ ২২ হাজার রুপিতে। অর্থাৎ দাম কমেছে প্রায় ২০%। মে মাসে ১০ গ্রাম স্বর্ণ কেনা থেকে বিরত থাকা কোনো পরিবার এখন একই পরিমাণ স্বর্ণ কিনতে প্রায় ৩০,০০০ রুপি কম খরচ করবে।
তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার পেছনে ভারতের চাহিদা হ্রাসকে কারণ হিসেবে দেখছেন না বুলিয়ন বিশ্লেষকেরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা, ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের আয় ৫%-এর ওপরে ওঠা এবং ডলারের শক্তিশালী অবস্থান বিশ্ববাজারে স্বর্ণ বিক্রির প্রবণতা বাড়িয়েছে।
আমদানি শুল্ক বৃদ্ধি এবং রুপির মান কমে যাওয়ায় ভারতের বাজারে স্বর্ণের দাম স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে। এ কারণে বিশ্ববাজারে দাম যতটা কমেছে, ভারতের বাজারে কমার হার তার চেয়ে কম।