শীর্ষনেতা আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশি এবং মুখপাত্র আবু হামজা আল-কুরাইশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট। একই সঙ্গে, আবু আল-হাসান আল-হাশেমি আল-কুরাইশিকে নতুন প্রধান হিসেবে ঘোষণা করেছে তারা।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১০ মার্চ) এক বার্তায় এ কথা জানিয়েছে মার্কিন প্রশাসন।
ধর্মীয় নেতা কুরাইশি (৪৫) সাবেক ইরাকি নেতা সাদ্দাম হোসেনের সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি দুই বছরেরও বেশি সময় ধরে আইএসকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এ বছরের ফেব্রুয়ারিতে উত্তর সিরিয়ায় মার্কিন বিশেষ বাহিনীর এক অভিযান চলাকালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হন বলে মার্কিন প্রশাসন জানিয়েছে।
২০১৯ সালে একই ধরনের আরেকটি অভিযানে গোষ্ঠীটির দীর্ঘদিনের নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যু হয়। দুই বছরের মধ্যেই আবারও আরেক নেতার মৃত্যু আইএসের জন্য আরেকটি বড় ধাক্কা।
তবে এখন পর্যন্ত গোষ্ঠীটি মার্কিন প্রশাসনের দেওয়া এ তথ্য অস্বীকার বা নিশ্চিত করেনি। তবে, নতুন আইএস মুখপাত্র আবু উমর আল মুহাজির বৃহস্পতিবার একটি রেকর্ড করা বক্তৃতায় জানিয়েছেন, কুরাইশির শেষ যুদ্ধটি ছিল উত্তর-পূর্ব সিরিয়ার শহর হাসাকার ঘুওয়ারান কারাগারে।
সদস্যদের মুক্ত করার জন্য গত জানুয়ারিতে ঘটা ইসলামিক স্টেটের ওই হামলায় কমপক্ষে ২০০ কারাবন্দি এবং জঙ্গিদের পাশাপাশি ৩০ জন নিরাপত্তা বাহিনীর কর্মী নিহত হন।