সেলুনের মেঝেতে পড়ে থাকা চুল দিয়ে আঁকা ছবিতে বাজিমাত

ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। তেমনই ফেলে দেওয়া চুল থেকে ক্যানভাসে ছবি। বব-মাশরুম, স্টেপস কিংবা লেয়ারস-নানা কায়দায় কেটে ফেলার পর ফেলে দেওয়া চুল থেকে শিল্পকর্ম বানিয়ে ফেললেন ফিলিপাইন্সের এক সেলুনের মালিক।

ফিলিপাইন্সের সান খুয়ান শহরের একটি সেলুনের মালিক জেস্টনি গার্সিয়া। চুল কাটার জন্য যখনই কারো মাথায় ক্লিপার লাগান, তখনই নতুন কোনো শিল্পের ভাবনা তার মাথায় চলে আসে। একটা পাতলা তুলি এবং আঠার সাহায্যে সেলুনের মেঝেতে পড়ে থাকা চুল দিয়ে সাদা-কালো ক্যানভাসে তিনি ফুটিয়ে তোলেন ছবি। দুই থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রিয় কোনো সংগীত শিল্পী অথবা অভিনেতার প্রতিকৃতি ফুটে ওঠে তার ক্যানভাসে।

বছর বত্রিশের এই ব্যক্তি বছরের আট মাস নাবিক হিসেবে কাজ করেন। ভেসে বেড়ান জাহাজে, তাই প্রয়োজন মতো তুলি কিংবা রং পান না। তাতে কী? শিল্পের ইচ্ছাটাই তো আসল। কেটে ফেলে দেওয়া চুল দিয়ে দিব্যি ক্যানভাসে ফুটিয়ে তোলেন ছবি। প্রথমে আয়না দেখে নিজেকেই আঁকতে শুরু করেছিলেন। পরে তারকাদের ছবি আঁকা শুরু করেন তিনি।

নিজের চুল কিংবা দাড়িই বেশি ব্যবহার করেন ছবি আঁকার জন্য/ রয়টার্স

নিজের সেলুনের থেকে সমুদ্রেই বেশি সময় কাটাতে হয় তাকে। তাই নিজের চুল কিংবা দাড়িই বেশি ব্যবহার করেন ছবি আঁকার জন্য। অনেক সময় মাথার পাশ থেকে অতিরিক্ত চুলও কেটে ফেলেন তিনি কিংবা হয়তো জুলপির অংশ। ছবি যে তাকে আঁকতেই হবে।

তিনি বলেন, “আমার জন্য হতাশা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় শিল্প।” এই শিল্পের কিন্তু কদরও রয়েছে। তার আঁকা ছবি কিন্তু বিক্রিও হয়। এই জন্যই হয়ত বলে, জীবনের ধন কিছুই যায় না ফেলা।