পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জ্বরে আক্রান্ত ও সংক্রমণের কারণে তাকে নওয়াবশাহ শহর থেকে মঙ্গলবার করাচিতে আনা হয়। সোমবার ঈদের নামাজ পড়তে তিনি সিন্ধু প্রদেশের নওয়াবশাহ গিয়েছিলেন।
প্রেসিডেন্ট জারদারি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার একাধিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
তবে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতারা জানিয়েছেন, তার অবস্থা এখন আগের চেয়ে ভালো এবং তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির অসুস্থতার খবর শুনে তাকে ফোন করে কথা বলেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এক বিবৃতিতে শরিফ বলেন, “পুরো জাতি আপনার সুস্থতার জন্য প্রার্থনা করছে।”
সিন্ধুর গভর্নর কামরান তেসোরি প্রেসিডেন্টের চিকিৎসক ডা. আসিম হুসেইনের সঙ্গে কথা বলে তার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং সুস্থতা কামনা করেছেন।
৬৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট সাম্প্রতিক বছরগুলোতে নানান স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে উড়োজাহাজে ওঠার সময় পড়ে গিয়ে জারদারির পা ভেঙে গিয়েছিল।



