করোনাভাইরাস প্রতিরোধে ৫০ বছরের বেশি বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ও সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
মঙ্গলবার (২৯ মার্চ) পঞ্চাশোর্ধ্বদের দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার এ সিদ্ধান্তের কথা জানায় সংস্থা দু’টি। প্রথম বুস্টার ডোজ দেওয়ার অন্তত চার মাস পর দ্বিতীয় এ ডোজ নিতে হবে বলে জানায় তারা।
এফডিএ-র পরিচালক (গবেষণা) ডা. পিটার মার্কস জানান, করোনাভাইরাস মোকাবেলায় দ্বিতীয় বুস্টার ডোজ প্রত্যেকের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে।
খাদ্য ও ঔষধ প্রশাসনের অনুমোদনের কয়েক ঘণ্টার মধ্যে এতে সম্মতি দেয় সিডিসি।
সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি জানান, ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে যাদের বয়স এবং যারা অন্যান্য অসুখে ভুগছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব দরকারি।