২০২০ সালের পর করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ সংক্রমণ দেখলো চীন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, শনিবার (২ এপ্রিল) একদিনে ১৩ হাজার ২৮৭ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বোচ্চ।
নতুন শনাক্তের মধ্যে উত্তর-পূর্ব জিলিন প্রদেশ ও দেশটির আর্থিক কেন্দ্র সাংহাইয়েই বেশি।
জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, এর আগে, শুক্রবার চীনে একদিনে কোভিড আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৫০৬ জন।
দেশটি মোট আক্রান্তের সংখ্যার সঙ্গে শ্রেণিবদ্ধ না করলেও নতুন উপসর্গবিহীন সংক্রমণের সংখ্যা এক দিন আগেও ৭ হাজার ৮৬৯ জন থেকে বেড়ে শনিবার ১১ হাজার ৭৮১ জনে দাঁড়িয়েছে।
নতুন আক্রান্তের মধ্যে ১ হাজার ৪৫৫ জনকে স্থানীয়ভাবে, ৯৫৬ জনকে জিলিন থেকে এবং ৪৩৮ জনকে সাংহাই থেকে শনাক্ত করা হয়েছে।
আড়াই কোটি মানুষের শহর সাংহাইয়ে রবিবার সারাদিনব্যাপী অ্যান্টিজেন পরীক্ষা এবং সোমবার মাস নিউক্লিক অ্যাসিড পরীক্ষা চালানো হবে বলে এক সংবাদ সম্মেলনে সাংহাই স্বাস্থ্য কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন।
সাংহাই মিউনিসিপ্যাল হেলথ কমিশনের ইন্সপেক্টর উ কিয়ানিউ বলেন, “প্রধান কাজ হচ্ছে ঝুঁকির পয়েন্টগুলো সম্পূর্ণরূপে দূর করা এবং সংক্রমণের চেইনটি কেটে ফেলা, যাতে যত তাড়াতাড়ি সম্ভব মহামারির বিস্তার রোধ করতে পারি।”
এদিকে, শনিবার চীনা ভাইস প্রিমিয়ার সান চুনলানও সাংহাই শহরকে মহামারি প্রতিরোধে “সংকল্প ও দ্রুত পদক্ষেপ নেওয়ার” আহ্বান জানিয়েছেন।
শহরটিতে এখন দুই-পর্যায়ের লকডাউন আরোপ করে প্রাদুর্ভাব বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যার ফলে নির্মাতাদের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে এবং বিশ্বের বৃহত্তম কন্টেইনার পরিবহন কেন্দ্র সাংহাই বন্দরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তবে, সাংহাই পোর্ট গ্রুপ এক বিবৃতিতে বলেছে, “সাংহাই বন্দরে কার্যক্রম স্থিতিশীল এবং সুশৃঙ্খল অবস্থায় আছে”।