আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান।
তালেবানের উচ্চ শিক্ষামন্ত্রীর একটি চিঠিতে এ নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
চিঠিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। শিগগিরই এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে চিঠিতে।
তালেবানের এমন ঘোষণায় দেশটির নারী শিক্ষা আরও বাধার মুখে পড়লো। তিন মাস আগেই দেশটিতে হাজার হাজার নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বসেছিল। এরপরেই নতুন করে তালেবান কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করলো।
গত বছর আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ক্ষমতা দখলের পর আফগান বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের জন্য পৃথক শ্রেণিকক্ষ ও প্রবেশপথ চালু করে তালেবান। এরপর থেকে দেশটির বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের শুধু নারী শিক্ষক বা বয়স্ক পুরুষ শিক্ষক পড়াতে পারতেন।
এমনকি পশু চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, কৃষি এবং সাংবাদিকতায় অধ্যায়নের বিষয়ে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। তালেবানের এমন সিদ্ধান্তে কঠোর সমালোচনা হয় বিশ্বজুড়ে।
তালেবানের সবশেষ নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় দেশটির এক বিশ্ববিদ্যালয়ছাত্রী বিবিসিকে জানান, তিনি মনে করেন, নারী ও নারীর শক্তিকে ভয় পায় তালেবান।