চীনে ভূমিধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত শনিবার (৩ জুন) ভোরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের পাহাড়ি জিনকাওহে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটি স্থানীয় সরকার কর্তৃপক্ষ রবিবার এক অনলাইন বিবৃতিতে জানায়, জিনকাওহে এলাকায় একটি পাহাড়ের ওপর ভূমিধস হয়েছে। উদ্ধারকাজে ১৮০ জনের বেশি উদ্ধারকর্মী অংশ নিয়েছেন। জরুরিভিত্তিতে উদ্ধারকাজ চালানো হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। দুর্ঘটনাস্থলটি পাহাড়ি এলাকা হওয়ায় উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
চীনের পাহাড়ি অঞ্চলে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। ২০১৭ সালে বর্ষা মৌসুমে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় সিচুয়ান প্রদেশে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটে। এর মধ্যে শিনমো নামের একটি পাহাড়ি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। মাটির নিচে চাপা পড়ে গ্রামটির ৬০টির বেশি বাড়ি।
পরে ২০১৯ সালেও ভারী বৃষ্টিতে পরপর বেশ কয়েকটি ভূমিধস হয়। এতে রেললাইলের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
সিচুয়ান প্রদেশটি ভূমিকম্পপ্রবণও। ২০০৮ সালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ৮৭ হাজারের বেশি মানুষ মারা যায়। এর মধ্যে ৫ হাজার ৩৩৫ জন স্কুলশিক্ষার্থী।