তিউনিসিয়া উপকূলে নোকাডুবি, ১১ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

তিউনিসিয়া উপকূলে একটি নৌকাডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখন পর্যন্ত আরও ১২ জন নিখোঁজ রয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তিউনিসিয়ার উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। দুর্ঘটনার সময় ওই নৌকায় ৩৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তারা ইতালির উদ্দেশে যাত্রা করেছিলেন।

এদিকে স্থানীয় সময় শনিবার রাতে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়। ফলে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ বছর মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারেরও বেশি অভিবাসী মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের পরিসংখ্যান সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বলছে, মৃত বা নিখোঁজ হিসাবে করা তালিকার ১ হাজার ৩৩ জন অভিবাসীর মধ্যে ৯৬০ জন ডুবে গেছে।

সাক্স অঞ্চল থেকে ওই নৌকাটি যাত্রা করেছিল। পরে মাহদিয়ার চেব্বার কাছে উপকূল থেকে প্রায় ৪০ মাইল দূরে নৌকাটি ডুবে যায়।

ইউরোপে পৌঁছানোর ক্ষেত্রে ভূমধ্যসাগর অতিক্রমের চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের কাছে সাক্স অঞ্চলের চারপাশের উপকূল একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে।

ইতালীয় দ্বীপ ল্যাম্পেডুসা তিউনিসিয়া এবং সিসিলির পূর্ব উপকূলের মধ্যে অবস্থিত এবং প্রায়ই উত্তর আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টারত অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি গন্তব্য হয়ে উঠেছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত বিষয়ক সংস্থা ফ্রন্টেক্সের মতে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্টের মধ্যে কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় রুট দিয়ে ৫২ হাজার অভিবাসনপ্রত্যাশীর অনুপ্রবেশ ঘটেছে। এর মধ্যে বেশিরভাগই তিউনিসিয়া, মিশর এবং বাংলাদেশের অভিবাসনপ্রত্যাশী।