জর্ডানে ধসে পড়া ভবন থেকে ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
চার দিন আগে ধসে পরা ভবনটিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) উদ্ধারকাজ শেষ করা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জননিরাপত্তা বিভাগের মুখপাত্র আমের আল-সারতাউই বলেন, শনিবার উদ্ধারকারী দলগুলি সর্বশেষ নিখোঁজ ব্যক্তির মৃত দেহটি খুঁজে পেতে সক্ষম হয়েছে।
মঙ্গলবার আম্মানের প্রাচীনতম বসতি এলাকা জাবাল আল-ওয়েবদেহে একটি চার তলা আবাসিক ভবন ভেঙে পড়লে ব্যপক উদ্ধার অভিযান শুরু করা হয়।
স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, উদ্ধারকৃত সর্বশেষ মৃতদেহটি একজন নারীর।
এর আগে, বৃহস্পতিবার জরুরী কর্মীরা ধ্বংসস্তুপ থেকে একটি চার মাস বয়সী মেয়ে শিশুকে উদ্ধার করে। তার গায়ে সামান্য আঘাতের চিহ্ন পাওয়া যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, জর্ডানের পাবলিক প্রসিকিউটর তদন্তের অংশ হিসেবে বিল্ডিং ম্যানেজার ও সংস্কার কাজের সাথে জড়িত আরও দুজন ব্যক্তিসহ তিনজনকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। দুর্ঘটনাস্থলটি রাজধানীর মধ্য জাবাল আল-ওয়েবদেহ এলাকায় অবস্থিত। এলাকাটি অত্যন্ত প্রাণবন্ত একটি সাংস্কৃতিক জীবনঘন বসতি এবং বিপুল সংখ্যক প্রবাসীর আবাসস্থল হিসেবে পরিচিত।