ভূমধ্যসাগর থেকে তিন শতাধিক অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের ২০৩ কিলোমিটার পশ্চিমে ৩০০ জনেরও বেশি অভিবাসীকে নিয়ে ভেসে যাওয়া একটি ছোট কাঠের নৌকা উদ্ধার করেছে দেশটির কর্মকর্তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

সাইপ্রাস জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের কমান্ডার আন্দ্রেয়াস চারালামবিডেস বলেন, ‘‘৬০ ফুট লম্বা নৌকার ক্যাপ্টেন ইঞ্জিনের সমস্যা অনুভব করার পর সোমবার বিকেলে একটি দুর্যোগ কল পাঠিয়েছিলেন। পরে একটি হেলিকপ্টার এবং তিনটি নৌ ও পুলিশ টহল জাহাজ নৌকাটিকে সহায়তা দেয়।’’

‘‘নৌকাটি তিন দিন আগে লেবানন থেকে রওনা হয়েছিল। নৌকাটি অনেক নারী ও শিশু নিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করছিল।’’

নৌকায় থাকা অভিবাসীদের জাতীয়তা নির্ধারণ করা যায়নি এখনো। পরে সমস্ত অভিবাসীদের মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী কার্গো জাহাজ পাওলো টপিকে করে নিরাপদে স্থানান্তর করা হয়।

চারালামবিডেস আরও বলেছেন, ‘‘বোটের ক্যাপ্টেন পাওলো টপিকের ক্যাপ্টেনকে লিমাসোলের সাইপ্রিয়ট বন্দরের জন্য যাত্রা করতে বলেছিল যাতে অভিবাসীরা নামতে পারে। তবে জাহাজটি মালিক কোম্পানির নির্দেশে তার আসল গন্তব্য ইস্তাম্বুলে যাওয়ার জন্য বেছে নেয়।’’