ব্রাজিলে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে অডিটোরিয়াম ধসে নয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩১ জন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সাও পাওলো রাজ্যে এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কর্মকর্তারা জানিয়েছেন, সাও পাওলো রাজ্যের একটি শিপিং কনটেইনার কোম্পানিতে কংগ্রেস এবং রাজ্যের আইনসভার জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের পরিদর্শনের সময় এই দুর্ঘটনা ঘটে।
সাও পাওলো শহরতলি ইতাপেসেরিকা দা সেরায় এই দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন কংগ্রেসের প্রার্থী এলি সান্তোস এবং রাজ্য আইনসভার প্রার্থী জোন্স ডজিনেট।
অনলাইনে পোস্ট করা ছবিতে দেখা যায়, উদ্ধারকারীরা একটি মঞ্চের ধ্বংসাবশেষের ভেতর থেকে মানুষজনকে বের করে আনার জন্য কাজ করছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে ৬৪ জন উপস্থিত ছিলেন।
সাও পাওলো রাজ্যের জরুরি পরিষেবার মুখপাত্র লুসিয়ানা সোয়ারেস এক বিবৃতিতে বলেছেন, যত দ্রুত সম্ভব উদ্ধার অভিযান চালানো নিশ্চিত করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি।
আগামী ২ অক্টোবর ব্রাজিলে ফেডারেল ও রাজ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।