নিজের ‘মৃত্যু’ নিয়ে ফেসবুক পোস্টের পর হাসপাতালে তসলিমা নাসরিন!

দেশের বাইরে নির্বাসনে থাকা লেখক তসলিমা নাসরিনকে নিয়মিত খুঁজে পাওয়া যায় তার সামাজিক যোগাযোগমাধ্যমে। নানা বিষয়ে আলোচিত-সমালোচিত মন্তব্য করে থাকেন তিনি। তবে কয়েকদিন ধরে ক্ষুরধার লেখকের প্রকাশিত পোস্ট দেখে অবাক হয়েছিলেন অনেকেই। কখনও তিনি লিখেছেন, “তার মৃত্যু হয়েছে।” আবার কখনও লিখেছেন, “মরণোত্তর দেহদানের কথা।”

এসবের মধ্যেই এবার জানা গেলো, হাসপাতালে ভর্তি ভারতের দিল্লিতে আশ্রয় নেওয়া বিতর্কিত এই লেখক।

এ খবরটিও জানা গেছে ফেসবুকে তার পোস্ট করা দুটি ছবি থেকে।

রবিবার রাতে ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন তসলিমা। সেখানে দেখা যাচ্ছে, তিনি কোনো এক হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। পাশে পাঁচ জন দাঁড়িয়ে। অন্য ছবিতে তার চিকিৎসা চলছে তা দেখা যাচ্ছে। যদিও কি কারণে হাসপাতালে ভর্তি তিনি তা স্পষ্ট করেননি।

লেখিকা নেটমাধ্যমের পাতায় এই ছবি পোস্ট করতেই কমেন্টে উদ্বেগ প্রকাশ করেছেন শুভানুধ্যায়ীরা।

রবিবার সকালে নেটমাধ্যমের পাতায় আরও কয়েকটি ছবি পোস্ট করেছিলেন লেখিকা। সেখানে দেখা গেছে, ২০১৮ সালে দিল্লির এইমসে মরণোত্তর দেহদান করেছেন তিনি। একটি নথিতে লেখা, “তার মৃত্যুর পর যেন হাসপাতালে খবর দেওয়া হয়। কারণ তার দেহদান করে রেখেছেন।”

এর আগে শনিবার এক পোস্টে তসলিমা লিখেছিলেন, “আমার মরণোত্তর দেহ হাসপাতালে দান করা হয়েছে।” 

ঠিক তার আগেই একটি বিভ্রান্তিকর পোস্টে লিখেছিলেন, “গতকাল ঠিক এই সময় মৃত্যু হয়েছে আমার। এখন ফিউনারেল চলছে।”

যদিও নিজের মৃত্যু নিয়ে লেখা এ ফেসবুক পোস্টের কোনো ব্যাখ্যা দেননি তসলিমা।

এরপর রবিবার রাতে “বডি ডোনার পকেট কার্ড”সহ একাধিক নথির ছবি ফেসবুকের পাতায় পোস্ট করেন তসলিমা। আগে অবশ্য জানা যায়, তসলিমা ওজন কমাচ্ছেন। একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, অনেক চেষ্টা করে আট মাসে ওজন ৮০ কেজি থেকে পঞ্চাশের ঘরে এনেছেন।

তসলিমার অসুস্থতার খবরে অনেকে ধারণা করছেন, ওজন কমানোর চেষ্টা থেকেই হয়তো অসুস্থ হয়ে পড়েছেন এই লেখক। কমেন্ট বক্সে সেই ধারণার কথাই জানিয়েছেন তারা।