কোভিড-১৯ মহামারির জরুরি অবস্থার অবসান ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক ড. তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, “অত্যন্ত আশা নিয়ে আমি ঘোষণা করছি, কোভিড-১৯ আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা নয়।”
শুক্রবার (৫ মে) সংস্থাটি এ ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে জরুরি অবস্থা আর না থাকলেও করোনাভাইরাস একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে না। এটি থেকেই যাবে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বলেন, “বৃহস্পতিবার জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠক করেছে। তারা আমাকে সুপারিশ করেছে বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থার অবসান ঘটানোর ঘোষণা দিতে। আমি সেই পরামর্শটি গ্রহণ করেছি।”
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ৩০ জানুয়ারি করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি মাথায় রেখে বিশ্বজুড়ে স্বাস্থ্যে জরুরি অবস্থা জারি করা হয়। এ ঘোষণা স্বাস্থ্য হুমকির বিষয়ে আন্তর্জাতিক মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করে এবং সেইসঙ্গে টিকা ও চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা জোরদার করে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।
২০২০ সালের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে বিভিন্ন দেশে করোনা ছড়িয়ে পড়ে। আর ২ ফেব্রুয়ারি চীনের বাইরে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটে ফিলিপাইনে।
২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের তথ্য জানায় সরকার। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।