বিচ্ছেদের পর বিয়ের ফটোগ্রাফারের কাছে টাকা ফেরত চাইলেন কনে

চার বছর আগে ধুমধাম করে হয়েছিল বিয়ের অনুষ্ঠান। জমজমাট আয়োজনের ছবি তুলে রাখা হয়েছিল। কিন্তু সেই সংসার ভেঙেছে। তাতেই অপ্রয়োজনীয় হয়ে পড়েছে সেসব ছবি। এজন্য বিয়ের সময়ে আলোকচিত্রীকে দেওয়া অর্থ ফেরত চেয়েছেন এক নারী।

দক্ষিণ আফ্রিকার ওই নারী সম্প্রতি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে অর্থ ফেরত চান।সেই মেসেজের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন আলোকচিত্রী ল্যান্স রোমিও। সেগুলো অনলাইনে ভাইরাল হয়েছে।

পোস্টে রোমিও জানান, চার বছর আগে ওই নারীর বিয়ের আসরে ছবি তুলেছিলেন তিনি। বিনিময়ে অর্থ নেন। এত দিন পর ওই নারী নিজে থেকেই তাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানান, “তার বিচ্ছেদ হয়ে গেছে। তাই বিয়ের সময় তোলা ছবিগুলো তার আর প্রয়োজন নেই। এ কারণে ওই সময় রোমিওকে দেওয়া টাকা ফেরত চান তিনি।”

রোমিও আরও বলেন, “শুরুতে ভেবেছিলেন ওই নারী সম্ভবত মজা করছেন।” তবে কথোপকথন এগোতেই তিনি বুঝতে পারেন, এটা মজা নয়। আসলেই ওই নারী তার কাছে টাকা ফেরত চাইছেন।

এ ঘটনার পরে পুরো কথোপকথনের স্ক্রিনশট তিনি টুইটারে পোস্ট করেছেন।

ক্যাপশনে লিখেছেন, “আমার জীবনটা যেন একটা চলচ্চিত্র। এমন ঘটনা আপনি আর কোথাও দেখতে পাবেন না।”

ওই কথোপকথনে রোমিও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এর জেরে ওই নারী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এমনকি রোমিওকে দেওয়া টাকার অন্তত ৭০% ফেরত পেতে আইনজীবীর পরামর্শ নেওয়ার কথাও জানান।

তবে রোমিও নাছোড়বান্দা। তিনি ওই নারীর সঙ্গে দেখা করেননি। টাকাও ফেরত দেননি।

এ ঘটনার পর ওই নারীর প্রাক্তন স্বামী ফটোগ্রাফার রোমিওর সঙ্গে যোগাযোগ করেন এবং এমন আচরণের জন্য ক্ষমা চান।